ঢাকায় আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব
বঙ্গবন্ধু স্টেডিয়াম কিছুটা অচেনা লাগছে। ভিআইপি গ্যালারির সামনের অ্যাথলেটিকস টার্ফের ওপর বানানো হয়েছে হ্যান্ডবল মাঠ! সেখানে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ মহিলা দল। পাশে পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে অনুশীলন করছে পুরুষ দল। হ্যান্ডবল চত্বরজুড়ে উৎসব উৎসব ভাব। পরশু ঢাকায় শুরু হতে যাওয়া আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি ঘিরেই এত আয়োজন। টুর্নামেন্টে খেলার কথা ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশের।
এমন বড় আয়োজন এর আগেও করেছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। ১৯৯৫ সালে কমনওয়েলথ যুব হ্যান্ডবলে খেলেছে ৮টি দেশ। ২০০০ এশিয়ান মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ ও দক্ষিণ এশিয়ান হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ, ২০১০ দক্ষিণ এশিয়ান গেমস হ্যান্ডবল হয়েছিল ঢাকায়।
যদিও আফগানিস্তান ও পাকিস্তান দলের ভিসা হয়নি গতকাল পর্যন্ত। এই দুই দেশের অংশগ্রহণ নিয়ে কিছুটা শঙ্কায় ফেডারেশন।