ঢাকায় এশিয়ান ট্যুর গলফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের গলফের বড় বিজ্ঞাপন সিদ্দিকুর রহমান ছিলেন না লোগো উন্মোচন অনুষ্ঠানে। ৭-১০ মে আফ্রো-এশিয়া ব্যাংক মরিশাস ওপেনে খেলতে মরিশাসে গেছেন সিদ্দিকুর। কিন্তু কাল অনুষ্ঠানে বারবার উঠে এল তাঁর নাম। এশিয়ান ট্যুরের বিভিন্ন টুর্নামেন্টে খেলা নিয়মিত লাল-সবুজের প্রতিনিধি তো তিনিই।
প্রথমবারের মতো গলফ ফেডারেশন বাংলাদেশে আয়োজন করছে এশিয়ান ট্যুরের প্রতিযোগিতা। বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ টুর্নামেন্টটি হবে ২৭-৩০ মে কুর্মিটোলা গলফ কোর্সে। ৩ লাখ ডলারের প্রাইজমানির টুর্নামেন্টের লোগো উন্মোচন হলো রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে।
খেলার এখনো বাকি ২২ দিন। অথচ ঘরের মাঠে এশিয়ান ট্যুরে খেলতে যেন তর সইছে না গলফারদের। এর কারণও আছে। সাধারণত এশিয়ান ট্যুরে খেলতে হলে বাছাই টুর্নামেন্ট উতরাতে হয়। বাংলাদেশের গলফারদের জন্য সেটি ব্যয়বহুল, সময়সাপেক্ষও। কিন্তু বাংলাদেশ এই টুর্নামেন্টের আয়োজক হওয়ার সুবাদে প্রায় ৩০ জন উদীয়মান গলফার সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবেন।
গলফারদের পারফরম্যান্সের উন্নতিকল্পে ফেডারেশন ইউরোপ থেকে উড়িয়ে এনেছে মেডিটেশন এবং টেকনিক্যাল কোচ। গতকাল থেকেই কাজে নেমে পড়েছেন তাঁরা।
সর্বশেষ ঘরোয়া টুর্নামেন্ট পেট্রনস কাপে সিদ্দিকুরকে টপকে চ্যাম্পিয়ন হয়েছেন জামাল হোসেন মোল্লা। তাঁর চোখে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন, ‘নিজেদের মাঠে এত বড় টুর্নামেন্ট, এ জন্য আমরা অনেক এক্সাইটেড। ঘরোয়া টুর্নামেন্টে গত কিছুদিন খুব ভালো খেলছি। আত্মবিশ্বাসও অনেক বেড়েছে। সবচেয়ে বড় কথা, এখানে জিততে পারলে আগামী দুই বছর এশিয়ান ট্যুরে সরাসরি খেলব।’ উদীয়মান গলফার সজীব আলীর কণ্ঠও প্রত্যয়ী, ‘এই কোর্সের প্রতিটি ঘাস চেনা। কীভাবে খেললে ভালো করব, সেটা ভালোই জানা আছে।’
এশিয়া ও ইউরোপের প্রায় ১৫০ জন গলফার খেলবেন এই প্রতিযোগিতায়। কাল ফেডারেশনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করেছে এশিয়ান ট্যুর কর্তৃপক্ষ। গলফ ফেডারেশনের পক্ষে সই করেন মহাসচিব আবুল ফজল সানাউল্লাহ, এশিয়ান ট্যুরের পক্ষে ফ্রিৎজ কাতজেনগ্রাবার। লোগো উন্মোচন করেন পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান।