ঢাকায় কবে তিন জাতি হকি?
গত রাতে তৃতীয়বারের মতো ঢাকায় এসেছেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) সভাপতি লিয়ান্দ্রো নেগ্রে। বিএএফ শাহীন স্কুলের মাঠে আজ দুপুরে কৃত্রিম টার্ফ বসানোর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন তিনি। একইভাবে আগামীকাল করবেন মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের নীল টার্ফের ভিত্তিপ্রস্তর উদ্বোধন। জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলনকক্ষে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল নেগ্রের চার দিনের সফরসূচির বিস্তারিত তুলে ধরেন ফেডারেশনের কর্মকর্তারা।
এফআইএইচের অনুদান হিসেবে পাওয়া ছোট টার্ফটি বসানোর জন্য প্রাথমিকভাবে দুটি ভেন্যু বেছে নিয়েছিল ফেডারেশন। বাংলাদেশের হকির সূতিকাগার আরমানিটোলা স্কুল ও বিএএফ শাহীন স্কুলের মধ্যে পরেরটিকেই বেছে নিয়েছে এফআইএইচ। ফেডারেশনের এমন সিদ্ধান্তে অনেকেই প্রশ্ন তুলেছেন। বিমানবাহিনী-প্রধান ফেডারেশন সভাপতি হওয়ায় বিমানবাহিনীর স্কুল বাড়তি সুবিধা পেল—এমন কথা ছড়িয়ে পড়েছে বাতাসে। তবে ফেডারেশন সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর মুখে অন্য কথা, ‘এফআইএইচ থেকে আসা টেকনিক্যাল কমিটির কর্মকর্তারা শাহীন স্কুলের মাঠকে টার্ফ বসানোর উপযোগী বলায় আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।’
এফআইএইচ সভাপতি গত বছর প্রথম সফরে এসেই বলেছিলেন ঢাকায় ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে তিন জাতি হকি টুর্নামেন্ট আয়োজনের ব্যবস্থা করবেন। কিন্তু তাঁর প্রতিশ্রুতি এখনো আলোর মুখ দেখেনি। খাজা রহমতউল্লাহর ব্যাখ্যা, ‘আমরা এফআইএইচকে জানিয়েছিলাম আমাদের আগ্রহের কথা। সর্বশেষ কংগ্রেসে আমি দুই দেশের হকি ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও করেছি। ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে তারা সময় বের করতে পারছে না। আশা করি, আগামী বছরের শেষে এই টুর্নামেন্ট ঢাকায় হবে।’
ফ্লাডলাইট নিয়েও এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। হকি স্টেডিয়ামে ফ্লাডলাইট বসানোর জন্য সরকারের আর্থিক সহযোগিতা চাইতে আগামী পরশু যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সঙ্গে দেখা করবেন লিয়ান্দ্রো নেগ্রে।