ঢাকার আরেকটি তিন দিনের জয়
এই নিয়ে তিন। জাতীয় লিগে এবার এটা নিয়ে তৃতীয়বারের মতো তিন দিনের মধ্যে ম্যাচ জিতে নিয়েছে ঢাকা। চট্টগ্রাম, বরিশালের পর কাল ঢাকার কাছে তিন দিনের মধ্যে হেরেছে সিলেট। এদিকে চ্যাম্পিয়নশিপ জয়ে ঢাকার সবচেয়ে বড় প্রতিপক্ষ রাজশাহীর জেগেছে লিগে প্রথম পরাজয়ের শঙ্কা। তাদের হারাতে পারলে বরিশাল পাবে দ্বিতীয় জয়। আর খুলনার বিপক্ষে পরাজয় চোখ রাঙাচ্ছে চট্টগ্রামকে।বগুড়ায় ঢাকা-সিলেট ম্যাচটির প্রথম তিন ইনিংসই ছিল লো-স্কোরিং। সিলেট দুই ইনিংস মিলিয়ে তুলেছিল মাত্র ২৭০ রান। প্রথম ইনিংসে ঢাকাও অলআউট হয়েছিল ৯১ রানে। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ঢাকার প্রয়োজন ছিল ১৮০ রান। পরশু দ্বিতীয় দিনেই ১২৭ রান তুলে ফেলেছিল তারা। যা একটু শঙ্কা ছিল সেটা ৫ উইকেট পড়ে যাওয়ায়। নাদিমউদ্দিন আর নাদিফ চৌধুরী মিলে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে ঢাকাকে এনে দেন লিগের তৃতীয় জয়। ৯৩ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর ষষ্ঠ উইকেটে এই দুজন তুলেছেন ৭৫ রান। নাদিফ ৪৪ রান করে আউট হয়ে গেলেও ৬৭ রান করে অপরাজিত ছিলেন নাদিমউদ্দিন। কাল নাদিফের সঙ্গে শরীফুল্লাহকে হারিয়েই ৩ উইকেটের জয় পেয়ে যায় ঢাকা। আমাদের রাজশাহী অফিস জানায়, রাজশাহীতে খুলনার বিপক্ষে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভালোই লড়াই করেছে চট্টগ্রাম। ওপেনার মাহবুবুল করিম (৮৫), তিন নম্বরে নামা গাজী সালাউদ্দিন (৮৮) ও ফয়সাল হোসেনের (৬২*) হাফ সেঞ্চুরির সৌজন্যেই লড়াইটা করছে তারা। কাল তৃতীয় দিনের খেলা শেষের আগে ৫ উইকেটে ৩১৮ রান করা চট্টগ্রামকে এই ম্যাচে ড্রর জন্যই লড়তে হবে। তবে ফয়সাল আর ইলিয়াস সানির (৩৪*) পর স্বীকৃত আর কোনো ব্যাটসম্যান না থাকায় পরাজয়ের শঙ্কা থেকেই যাচ্ছে। দুই ইনিংস মিলিয়ে খুলনার চেয়ে এখনো কেবল ৭১ রানই এগিয়ে চট্টগ্রাম।খুলনায় দ্বিতীয় ইনিংসে রাজশাহীকে একাই টেনে নিয়েছেন ওপেনার জহুরুল ইসলাম। সেঞ্চুরি (১১৩) করেছেন তিনি। তার পরও দলের মোট রান মাত্র ১৮৩! বরিশালের সামনে রাজশাহীর দেওয়া জয়ের লক্ষ্যটা দাঁড়ায় ২৭৬ রানের। এই লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষে বলতে গেলে জয়ের দ্বারপ্রান্তেই দাঁড়িয়ে বরিশাল। দিনের খেলা শেষ হওয়ার আগে বিনা উইকেটে ১৬২ রান তুলেছে তারা। শাহরিয়ার নাফীস ৮০ ও ফজলে রাব্বি ৭৮ রানে ব্যাট করছিলেন। লিগে দ্বিতীয় জয়ের জন্য আজ চতুর্থ ও শেষ দিনে আর মাত্র ১১৪ রান প্রয়োজন বরিশালের, হাতে আছে ১০ উইকেট।