ঢাকার কথা ভাবছে নাইজেরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে ঠিক এক মাস। এর পরই লিওনেল মেসিকে চর্মচক্ষে দেখার সুবর্ণ সুযোগ। বাংলাদেশের মানুষ নিশ্চয়ই রোমাঞ্চিত। তবে রোমাঞ্চ অনুভব করার অবকাশ পাচ্ছেন না নাইজেরিয়া কোচ স্যামসন সিয়াসিয়া। সত্যি বলতে কি, এই ম্যাচ নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি। আর্জেন্টিনা না ৬ সেপ্টেম্বর ঢাকায় প্রতিশোধের নেশায় ক্ষতবিক্ষত করে দেয় নাইজেরিয়াকে!সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে নাইজেরিয়া ৪-১ গোলের অবিশ্বাস্য জয় তুলে নিয়েছিল। ম্যাচটি হয়েছিল গত জুনে, আবুজায়। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে আর্জেন্টিনার বিপক্ষে ওই একটিই জয়। ওই ম্যাচের প্রসঙ্গ টেনে সিয়াসিয়া বলছেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে অনেক দিন পর আমরা একটা জয় পেয়েছি। আপাতত ওই জয়টাই আমরা উপভোগ করছি। আসলে আমাদের দল এখনো ধীরে ধীরে গড়ে উঠছে। আর্জেন্টিনার বিপক্ষে জয়-পরাজয়ের চেয়ে ওই ম্যাচটা খেলার অভিজ্ঞতাই আমাদের জন্য বড় পাওয়া। আমি চ্যালেঞ্জ পছন্দ করি। প্রীতি ম্যাচও। ওদের আমরা দেখিয়ে দিতে চাই, আমরা কী করতে পারি।’আর্জেন্টিনা ওই ম্যাচের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি বলেই মনে করেন তিনি, ‘আবুজায় আমার দল কৌশলগত দিক দিয়ে ওদের এভাবে সহজেই হারিয়ে দেবে—আর্জেন্টিনা এটা ভাবতেই পারেনি। ওরা চমকে গিয়েছিল। ওরা বিশ্বাসই করতে পারেনি আফ্রিকান একটি দল এত ভালো খেলতে পারে। আমরা ওদের স্রেফ হটিয়ে দিয়েছিলাম। ছেলেরা নির্দেশনা অনুযায়ী খেলেছে। আমরা সুযোগগুলো কাজে লাগিয়েছি, চারটা সুন্দর গোলও করেছি।’কিন্তু দ্বিতীয় সারির দল নিয়ে খেলা আর্জেন্টিনার ওই ম্যাচটি পাতানো ছিল কি না, এ নিয়ে অনেকের মনে সন্দেহ জাগে। ফিফা এ নিয়ে তদন্তের ঘোষণাও দেয়। তবে সিয়াসিয়া বলছেন, ‘কেউ ম্যাচটা পাতায়নি। রেফারিই ম্যাচটা ১০০ মিনিট পর্যন্ত খেলিয়েছেন। সেই যোগ করা সময়েই আর্জেন্টিনা তাদের গোলটি পেয়েছে। ম্যাচটা পাতানোর প্রশ্নই ওঠে না। আসলে নাইজেরিয়ানরা বিশ্বাসই করতে পারেনি আমরা আর্জেন্টিনাকে হারাতে পারি।’ ওয়েবসাইট।