ঢাকার ক্লাব বনাম বাকি দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিবি নির্বাচন
বিসিবি নির্বাচন

বিসিবি মানে কী? বাংলাদেশ ক্রিকেট বোর্ডই তো, নাকি বাংলাদেশ ক্লাব বোর্ড! মানে আসলে প্রথমটাই। কিন্তু বিসিবির বর্তমান অস্থায়ী কমিটি যেন বারবারই প্রমাণ করতে চাচ্ছে, বিসিবির অর্থ ‘বাংলাদেশ ক্লাব বোর্ড’। সারা দেশের ক্রিকেট একদিকে, অন্যদিকে ঢাকার ক্লাব।
ঢাকার ক্লাবগুলোর সঙ্গে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অদৃশ্য রেষারেষি নতুন কিছু নয়। যেকোনো ফেডারেশনের নির্বাচনেই প্রকাশ্যে চলে আসে ব্যাপারটা। কিন্তু এবার যেন বিসিবির সভাপতি নাজমুল হাসান নিজেই ক্লাব ও জেলা-বিভাগের মধ্যে বিভাজনরেখা টেনে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। ভুলে যাচ্ছেন, তিনি সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, ‘বাংলাদেশ ক্লাব বোর্ডে’র নন। সাময়িকভাবে হলেও সরকার পুরো দেশের ক্রিকেটের দায়িত্বই দিয়েছে তাঁর কাঁধে, শুধু ক্লাবের স্বার্থ দেখার মতো ক্ষুদ্র দায়িত্ব নয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন উপলক্ষে বোর্ড সভাপতি বিসিবির নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ভূমিকা নিয়ে যেসব মন্তব্য করেছেন, সেসব অনেকের কানেই বেজেছে। ইংল্যান্ডগামী ‘এ’ দলের অফিশিয়াল ফটোসেশনে গিয়ে এক প্রশ্নের জবাবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সম্পর্কে বোর্ড সভাপতি বলেছেন, ‘কারা এরা?...ওদের কোনো ইলেকশনে আমরা হস্তক্ষেপ করব না। আমাদের ইলেকশনের সঙ্গে ওদের সম্পর্ক কী?’ তাঁর আরেকটি বক্তব্য, ‘ফোরাম আমি চিনি না।...ওদের একটা নিয়ম আছে, ওদের ইলেকশন কীভাবে হবে, কারা হবে...। আমার বিসিবিরটা আমার। আমি বুঝতে পারছি না, তারা কীভাবে হস্তক্ষেপ করে। ওরা তো বলতে পারে না, আমি কীভাবে ইলেকশন করব।’ নাজমুল হাসানের শেষ কথাটা যেমন সত্য, তেমনি তিনি নিজেও ঠিক করে দিতে পারেন না বিসিবির নির্বাচন কীভাবে হবে। নির্বাচন হবে বিসিবির গঠনতন্ত্র ও এনএসসির নির্বাচন বিধিমালা অনুসারে। বিসিবির নির্বাচনের সঙ্গে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্পর্ক বোর্ড সভাপতির না বোঝাটাও বিস্ময়করই। এ ছাড়া ‘আমার বিসিবিরটা আমার’ বলতে সভাপতি ঠিক কী বোঝাতে চেয়েছেন, স্পষ্ট নয় সেটাও। অস্থায়ী কমিটির সরকার-মনোনীত প্রধান হিসেবে বিসিবিতে তাঁর অবস্থান তো এখনো অতিথি শিল্পীর মতোই। বিসিবির সভাপতির সাম্প্রতিক এসব মন্তব্যে যারপরনাই হতাশ ও ক্ষুব্ধ সারা দেশের ক্রিকেট সংগঠকেরা। মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে বিসিবির গত কমিটির নির্বাচিত পরিচালক দেওয়ান শফিউল আরেফীন যেমন বললেন, ‘বিসিবির সভাপতি ইদানীং যে ভাষায় কথা বলছেন, সেসব সরকার মনোনীত বোর্ড সভাপতি হিসেবে তাঁর মুখে মানায় না এবং এটা সরকারের জন্যও বিব্রতকর। তাঁর নিরপেক্ষ থাকা বাঞ্ছনীয়। আর নিরপেক্ষতা বজায় না রেখে কাউকে সমর্থন করতে হলে সেটা বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেই করা উচিত।’ বিসিবির আরেক সাবেক পরিচালক রাজশাহীর মাহমুদ জামাল মনে করেন, ‘কোনো বুদ্ধিমান লোকের এ ধরনের মন্তব্য করা ঠিক নয়। আমরা সবাই সংগঠক। যাঁর যাঁর জায়গা থেকে সবাইকেই সবার প্রাপ্য সম্মান দিতে হবে। বিসিবির সভাপতির মতো একটা দায়িত্বশীল অবস্থানে থেকে উনি একটা পক্ষ নিয়ে কথা বলতে পারেন না। তিনি থাকবেন নিরপেক্ষ।’ চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক বোর্ড পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের ক্ষোভটাও একই রকম, ‘তিনি (নাজমুল হাসান) সবার অভিভাবক, দেশের ক্রিকেটের কর্ণধার। ক্লাব, জেলা, বিভাগ সবার কথাই তাঁর ভাবা উচিত। আমি ২০ বছর ধরে বিসিবির কাউন্সিলর। কখনো দেখিনি খোদ সভাপতি নিরপেক্ষতা হারিয়ে একটা গ্রুপের হয়ে কথা বলছেন।’ টেস্ট খেলুড়ে একটা দেশের সঙ্গে বেমানানভাবে বাংলাদেশের ক্রিকেট বরাবরই ঢাকাকেন্দ্রিক। যে কারণে একটা গোটা জেলা থেকে যেখানে বিসিবিতে মাত্র একজন কাউন্সিলর আসেন, সেখানে ঢাকার তৃতীয় বা দ্বিতীয় বিভাগের একটা ক্লাব থেকেও আসেন একজন! নতুন গঠনতন্ত্রে আবার যোগ হয়েছে চূড়ান্ত অগণতান্ত্রিক এক ধারা—প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের ছয় ক্লাব থেকে আসবে দুজন করে কাউন্সিলর। অথচ ঘরোয়া ক্রিকেটকে অচল করে রাখা, নিজেদের স্বার্থে ক্রিকেটারদের জাতীয় দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া, বিসিবির কাছ থেকে কাঁড়ি কাঁড়ি টাকা আদায় আর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উচ্ছিষ্ট ঘাস-মাটি ব্যক্তিগত জায়গায় নিয়ে ফেলা ছাড়া সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে এসব ক্লাব ও ক্লাব কর্মকর্তাদের কোনো ভূমিকাই নেই। দেশের ক্রিকেটকে ‘এগিয়ে নিয়ে যাওয়া’র দাবি করলেও চলতি মৌসুমে ক্লাব ক্রিকেটের সর্বোচ্চ আসর ঢাকা প্রিমিয়ার লিগ এখনো আলোর মুখ দেখল না ক্লাব কর্মকর্তাদের একগুঁয়েমির কারণে। কে জানে, এখানেও হয়তো নির্বাচনী হিসাব-নিকাশ ছিল। সুপার লিগের ছয় দল যদি আবার ওলট-পালট হয়ে যায়! সারা দেশের ক্রিকেট নিয়ে ভাবার বদলে টেস্ট খেলুড়ে একটা দেশের ক্রিকেট বোর্ড কী অবিশ্বাস্যভাবেই না শুধু একটি শহরের ক্লাব-বৃত্তে ঘুরপাক খাচ্ছে!: