ঢাকার টানা দ্বিতীয় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলকে হয়তো জেতাতে পারেননি, কিন্তু দুর্দান্ত অলরাউন্ড পাফরমেন্স দেখিয়ে ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছেন রংপুর রাইডার্সের নাসির হোসেন। বল হাতে ২৫ রানের বিনিময়ে একটি উইকেট শিকারের পরে ব্যাট হাতেও ৪৯ বলে ৮০ রানের অসাধারণ এক ঝড়ো ইনিংস খেলেছেন তরুন এই অলরাউন্ডার। তবে তাঁর এই ব্যাটিংও দলকে নিয়ে যেতে পারেনি জয়ের বন্দরে। শেষপর্যন্ত লড়াই চালিয়ে গেলেও বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে ৩৫ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে নবাগত রংপুর রাইডার্সকে। আর টানা দ্বিতীয় জয় দিয়ে নিজেদের শক্তিমত্তা ভালোভাবেই প্রমাণ করেছে গতবারের শিরোপাজয়ী ঢাকা গ্ল্যাডিয়েটরস।জয়ের জন্য ২০৩ রানের বড় লক্ষ্যে পৌঁছানোর জন্য যেরকম ঝড়ো ব্যাটিং দরকার, সেভাবে শুরুটা করতে পারেনি রংপুর রাইডার্স। বরং শুরুতেই তিনটি উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছে তারা। উদ্বোধনী জুটিতে ২৮ রান যোগ করেছিলেন ইমরুল কায়েস ও মারুফ রেজা। বল হাতে প্রথম ওভারেই রংপুর শিবিরে আঘাত হানেন সাকিব আল হাসান। প্রথম বলেই ফেরান মারুফ রেজাকে। তিন বল পরে রানআউটের ফাঁদে পড়ে সাজঘরমুখী হন আরেক ওপেনার ইমরুল কায়েস। পরের ওভারে কেভিন ও’ব্রায়েনও লোকুয়ারাচ্চির শিকারে পরিণত হলে চাপের মুখেই পড়ে যায় রংপুর। চতুর্থ উইকেটে ১১৮ রানের দারুণ এক জুটি গড়ে বেশ ভালোই লড়াই চালিয়েছিলেন নাসির হোসেন ও নেইল ও’ব্রায়েন। ১৮তম ওভারে নাসিরকে আউট করে রংপুরের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সাকিব। তবে আউট হওয়ার আগে ৪৯ বলে ৮০ রানের ঝড়ো এক ইনিংস খেলেছেন নাসির। ৪০ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন নেইল ও’ব্রায়েন।