ঢাকার ফুটবলকে কী দেবেন দ্রাগান?

নতুন বিদেশি কোচ মানেই নতুন ধারণার আমদানি। দ্রাগান দুকানোভিচও নতুন কিছু দিতে চান। জাপান, ফ্রান্স, পর্তুগাল, সুইডেন, গ্রিসসহ আরও কয়েকটি দেশে খেলেছেন এই সাবেক স্ট্রাইকার। অভিজ্ঞতা আছে উয়েফা কাপে খেলার। ১৭ বছরের ক্যারিয়ারে ৩২৬ ম্যাচে তাঁর গোলসংখ্যা ১৮৬। কোচ হিসেবেও চান আক্রমণাত্মকই থাকতে। ৪-৩-৩ ছকটাই বেশি পছন্দ।
তবে হাতে কেমন খেলোয়াড় পান, তা দেখেই শেখ রাসেলের নতুন কোচ সাজাবেন রণপরিকল্পনা। পরশু শেখ রাসেল কর্তৃপক্ষ গতবারের ট্রেবলজয়ী কোচ মারুফুল হককে বরখাস্ত করে ওই দিনই দায়িত্ব তুলে দিয়েছে মন্টেনেগ্রোর কোচ দুকানোভিচের হাতে। সার্বিয়ার হয়ে যিনি অনূর্ধ্ব-১৭, ২১ দলে খেলেছেন।
বুয়েট মাঠে অনুশীলন শুরুর আগে কাল ৪৫ বছর বয়সী কোচ বলছিলেন, ‘হাতে সময় খুবই কম। এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ। তবে চ্যালেঞ্জটা আমি নিয়েছি। আশা করি বাংলাদেশের ফুটবলে নতুন কিছু দিতে পারব।’
কোচিংয়ে আছেন ১১ বছর। মন্টেনেগ্রোর প্রিমিয়ারের একটা দলের কোচ ছিলেন তিন বছর। উয়েফা প্রো-লাইসেন্সধারী দুকানোভিচ কোচ হিসেবে আদর্শ মানেন আনচেলত্তি-লিপ্পিকে।
বাংলাদেশের সাবেক সার্বিয়ান কোচ জোরান জর্জেভিচকে ভালোই চেনেন। আসার আগে জর্জেভিচের কাছ থেকে ধারণা নিয়েছেন বাংলাদেশের ফুটবল সম্পর্কে। শেখ রাসেলকে নিয়ে তাঁর প্রথম বড় লক্ষ্য, ‘শ্রীলঙ্কায় এএফসি প্রেসিডেন্টস কাপে আমাদের গ্রুপের চার দলের মধ্যে দুটি যাবে চূড়ান্ত রাউন্ডে। সেরা দুইয়ে থাকা খুবই সম্ভব।’