ঢাকার ফোনের অপেক্ষায় আবুল হাসান

কিশোরগঞ্জে খালাতো ভাইয়ের বিয়ে ছিল। যাওয়ার খুব ইচ্ছা থাকলেও যাননি। যদি ঢাকা থেকে ফোন আসে! সবাই বিয়েতে চলে গেল। আবুল হাসান রয়ে গেলেন মৌলভীবাজারের বাসায়। যদি ফোন আসে!
ঢাকা থেকে কাঙ্ক্ষিত সেই ফোন কাল পর্যন্তও পাননি জাতীয় দলের পেসার আবুল হাসান। অপেক্ষার প্রহর কেবলই বাড়ছে। বড় ভাইয়ের এক বছর বয়সী মেয়ে শিমরানের সঙ্গে শিশুতোষ খেলা খেলে সময় কাটে। মাঠে ফিরে আসল খেলাটা খেলার ব্যাকুলতা হারিয়ে যায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার নিকষ অন্ধকারে। গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্রিকেট-বিশ্বে হইচই ফেলে দেওয়া টেস্ট অভিষেকের পর তাঁর চোখে ছিল ক্যারিয়ারের পাতায় পাতায় সাফল্যের ফুল ফুটিয়ে যাওয়ার স্বপ্ন। তরুণ হাসানের সেই দুই চোখে এখন দুঃস্বপ্নের অমানিশা, ‘জানি না, কবে আবার খেলতে পারব। আমাকে ডাক্তার বিশ্রাম নিতে বলেছেন। কিন্তু কত দিন এভাবে বিশ্রাম নেওয়া যায়? সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, নিউজিল্যান্ড আসবে—কত খেলা! আর আমি কিনা বিছানায় শুয়ে থাকি!’
গত মার্চে শ্রীলঙ্কা সফর থেকে মেরুদণ্ডের চোট দিয়ে দেশে ফেরেন হাসান। তখন মামুলি চোট বলেই ধারণা করেছিলেন। হয়তো সাধারণ চিকিৎসায় ঠিক হয়ে যাবে। কিন্তু ফিজিও-চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি এখন অস্ত্রোপচারের রোগী। বিসিবির চিকিৎসক মনিরুল আমিনের ভাষায়, ‘এসব ক্ষেত্রে যা যা করতে হয়, সবই আমরা করেছি। ফিজিওথেরাপি, ট্রাকশান, সবশেষে একটা উচ্চমাত্রার ইনজেকশনও দেওয়া হয়েছে। কাজ না হওয়াতে এখন ওকে মেরুদণ্ডের অস্ত্রোপচারের জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হবে।’
হাসানের যে অস্ত্রোপচার লাগবে, ইনজেকশনে কাজ না হওয়ায় মাস দুয়েক আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল এটি। কিন্তু নির্বাচন, গঠনতন্ত্র, ফিক্সিং আর আকসু নিয়ে ব্যতিব্যস্ত বিসিবি সম্ভবত তাঁকে নিয়ে ভাবার খুব বেশি সময় পায়নি। মৌলভীবাজারের নিস্তরঙ্গ জীবনে চা-বাগানের নীরবতাকে সঙ্গী করেই তাই কাটছিল সময়। এর মধ্যেই গত ১৪ জুলাই ফিজিওর পাঠানো মুঠোফোন বার্তায় হাসান জানতে পারলেন, পরের সপ্তাহে তাঁকে বিদেশে পাঠানো হবে। কিন্তু ওই পর্যন্তই আটকে আছে সবকিছু। বিসিবির ফোনের অপেক্ষা করে করে সময় আর কাটছে না হাসানের। বোর্ডের মেডিকেল কমিটির প্রধান ডা. ইসমাইল হায়দার মল্লিক গত পরশু এর একটা ব্যাখ্যা দিতে চাইলেন, ‘বোর্ড সভায় রাজুকে (আবুল হাসান) থাইল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আরও ভালো চিকিৎসার জন্য আমরা এখন তাকে অস্ট্রেলিয়ায় পাঠাব। এ জন্য বাজেটও বেড়ে গেছে—১২-১৩ লাখের জায়গায় এখন খরচ হবে প্রায় ২৬ লাখ টাকা। কাজেই বোর্ড সভাপতির সঙ্গে আলোচনার প্রয়োজন আছে।’ মাঝে দুই দিনের জন্য দেশের বাইরে গেলেও তার আগে-পরে বিসিবির সভাপতি নাজমুল হাসান দেশেই ছিলেন ও আছেন। তবু যে কেন সময় পাওয়া যাচ্ছে না আলোচনার...!
বিসিবির আমলাতান্ত্রিক জটিলতায় থমকে আছে এক তরুণের স্বপ্ন। আপনজনেরা সব ঠিক হয়ে যাওয়ার সান্ত্বনা দিলেও হাসান তো বোঝেন, কী সময়টা হারিয়ে যাচ্ছে জীবন থেকে, ‘আমি এখন যেভাবে আছি, সেটা কোনো ক্রিকেটারের জীবন নয়। হাঁটাহাঁটি আর শুয়ে-বসে দিন কাটছে। বুঝতে পারছি না, কী হবে।’
বাংলাদেশের ক্রিকেটের পুরোনো বন্ধু ডা. ডেভিড ইয়াংয়ের পরামর্শ নিয়ে বিসিবি অবশ্য শল্যবিদ ঠিক করে ফেলেছে। অস্ত্রোপচার হবে মেলবোর্নে, সেটি করবেন মেরুদণ্ডের অস্ত্রোপচার বিশেষজ্ঞ গ্রেগ মেলহাম। অস্ত্রোপচারের পর কত দিন মাঠের বাইরে থাকতে হবে, সেটা অস্ত্রোপচার-পরবর্তী অবস্থা দেখে তিনিই জানাবেন। তবে বিসিবির চিকিৎসকেরা বলছেন, এসব ক্ষেত্রে পুরোপুরি সুস্থ হতে তিন-চার মাস সময় তো লাগেই। অস্ত্রোপচার যত দেরিতে হবে, এই তিন-চার মাসের সময়টাও ততই পিছিয়ে যাবে। পিছিয়ে যাবে হাসানের মাঠে ফেরার দিন, পিছিয়ে যাবেন তিনিও, ‘আমার সঙ্গে যারা ছিল, সবাই এখন মাঠে। কেউ ‘এ’ দলে, কেউ অনূর্ধ্ব-২৩-এ, কেউবা জাতীয় দলের সঙ্গে অনুশীলন করছে। আর আমি শুধু পিছিয়েই যাচ্ছি।’
অমিত সম্ভাবনা দিয়ে ক্যারিয়ার শুরু করেও তরুণ এক ক্রিকেটার পিছিয়ে পড়ার শঙ্কায় কাতর—এটাই বোধ হয় বাংলাদেশের ক্রিকেটের বাস্তবতা।