ঢাকার বাইরের ভেন্যু রাখতে চায় বাফুফে
ঢাকার বাইরের ভেন্যু পরিদর্শন প্রতিনিধিদলের সঙ্গী হয়েছিলেন বাফুফে সদস্য শেখ মারুফ হাসান। খেলা নিয়ে স্থানীয়দের আগ্রহ দেখে বেশ অবাক এই পুলিশ কর্মকর্তা, ‘ঢাকার বাইরে যে ফুটবলের দর্শক আছে ভেন্যুগুলোতে না গেলে সেটা বোঝা কঠিন। দর্শকেরা আমাদের চাপ প্রয়োগ করে বলেছেন, আপনাদের বলে যেতে হবে এই মাঠে খেলা হবে কি না। তা দেখেই বুঝলাম ওই জায়গার কর্মকর্তারা কেমন চাপের মুখে থাকেন।’
বাফুফে কর্মকর্তাদের ঢাকার বাইরের ভেন্যু-দর্শন শেষ হয়েছে পরশু। হেলিকপ্টারে এক দিনের ঝটিকা সফর শেষে কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হলো। পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী দাবি করলেন, তিনটি ভেন্যুই কমবেশি ঠিক আছে। তবে সামান্য যেসব সমস্যা আছে, সেগুলো সংস্কারের জন্য হোম ভেন্যুর ক্লাবকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। সেই সময়টা কত দিন? সালাম শুধু বললেন, ‘পরবর্তী সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। এখন এতটুকু বলতে পারি, ঢাকার বাইরে খেলা হবে। ভেন্যু থাকবে।’
আগামী মৌসুমে এমন সমস্যা এড়াতে সতর্ক থাকতে চান সালাম, ‘আমরা এবার বিষয়টি নিয়ে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছি। আগামীবার অন্তত ১০টা মাঠ চূড়ান্ত করব, মাঠের সংকটের কারণে যেন কোনো খেলা ব্যাহত না হয়।’