ঢাকার ভরসায় স্যামি!
ঢাকার ফ্লাইট তাঁদের আজ সকালে। কিন্তু যা বোঝা গেল, পারলে দল নিয়ে কাল বিকেলেই এই শহর ছেড়ে পালিয়ে যেতেন ড্যারেন স্যামি!কোনোভাবে পুরো সিরিজটাই খুলনায় করা যায় কি না, নিদেনপক্ষে এখানকার উইকেট মিরপুরে নিয়ে বসিয়ে দেওয়া যায় কি না, কাল এমন অনেক রসিকতা চলল প্রেসবক্সে। এসব শুনতে পেলেও হয়তো আঁতকে উঠতেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। এই শহরটাকেই যে এখন অভিশপ্ত মনে হচ্ছে তাঁর! প্রথম ম্যাচের পরাজয় তাদের কাছে ছিল ‘স্রেফ নিজেদের একটা বাজে দিন।’ দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে সংশয়ও ছিল না স্যামির। উল্টো কাল পর্যুদস্ত হতে হলো চূড়ান্তভাবে। ক্যারিবীয় অধিনায়কের মনে তাই চেপে বসেছে ‘খুলনা-আতঙ্ক’। সিরিজে ফেরার আশায় তিনি কাতরচোখে তাকাচ্ছেন ঢাকার দিকে, ‘আমরা যে ধরনের ক্রিকেট খেলি, তাতে আরও ভালো খেলা উচিত ছিল আমাদের। দুই ম্যাচে সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। আমরা এখন ব্যাকফুটে। তবে তার মানে এই না যে আমরা ঢাকায় যেতে পারছি না। ঢাকায় ফেরা এবং পারিপার্শ্বিকতায় পরিবর্তন হয়তো আমাদের ভাগ্যও বদলে দেবে!’এটা হয়তো ডুবন্ত মানুষের খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা। তবে স্যামি ভালো করেই জানেন, শুধু খড়কুটো আঁকড়ে ধরে ডুবে যাওয়া থেকে রক্ষা পাওয়া যাবে না। পারফরম্যান্স দিয়েই ঘুরে দাঁড়ানোর কথাও তাই শোনালেন। বাংলাদেশকে প্রচ্ছন্ন একটা হুমকিও দিয়ে রাখলেন যেন, ‘দ্রুত গুছিয়ে নিতে হবে আমাদের। আশা করি, এই দুই পরাজয় আমাদের জাগিয়ে তুলবে। আমরা আরও কঠিনভাবে ফিরে আসব। ২-০-তে পিছিয়ে আছি, কিন্তু সব শেষ হয়ে যায়নি। এখনই আমাদের হিসাবের বাইরে ফেলে দেওয়া ঠিক হবে না। আগেও আমরা এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছি।’প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করে হার, কাল টস জিতে পরে ব্যাট করে আরও বাজেভাবে হার। স্যামির হিসাব যেন মিলছে না। বাংলাদেশের কাছে থেকে শিক্ষা নিয়ে তাই নতুন করণীয় ঠিক করেছেন উইন্ডিজ অধিনায়ক, ‘ওরা খুব ভালো ক্রিকেট খেলেছে এবং আমাদের দেখিয়ে দিয়েছে এই উইকেটে ওয়ানডে ক্রিকেট কীভাবে খেলতে হয়। কন্ডিশন বুঝে ওরা সেভাবেই খেলেছে। আমাদের দলে যে ধরনের ক্রিকেটার আছে, উইকেটে টিকে থাকলেই আমরা বড় রান করতে পারি। কিন্তু আমরা আউট হয়ে যাচ্ছি। আমার বাবা সব সময় একটি কথা বলতেন, ড্রেসিংরুমে বসে থেকে রান করা যায় না। আমরা ভালো কোনো জুটি গড়তে পারিনি। বোলিংয়েও ভালো করতে পারিনি। সামনের এক-দুই ম্যাচ জিততে হলে উইকেট নিয়ে বাড়তি ভাবনা মাথা থেকে সরাতে হবে আমাদের।’সিরিজ শুরুর আগে স্যামির ভাবনায় ছিল র্যাঙ্কিংয়ে ৫ পয়েন্ট, সেজন্য জিততে হতো ৫-০-তে। এখন উল্টো সিরিজই যায়-যায়, বরং বাংলাদেশই ফেবারিট! পয়েন্টের আশা গেছে, স্যামির চাওয়া এখন মান বাঁচানো, ‘বাংলাদেশের সমর্থক হলে হয়তো আমি বলতাম বাংলাদেশ ফেবারিট। তবে আগে যেমন বলেছি, আমরা জানি আমাদের সামর্থ্য। এখন আমরা পরিকল্পনাগুলো মাঠে কাজে লাগাতে পারছি না, এ জন্য হারছি। তবে দ্রুত ঘুরে দাঁড়াতে হবে। কারণ সিরিজ জয়ের জন্য তিনটি ম্যাচই মাত্র বাকি আছে। তিনটিই জিততে হবে আমাদের।’