ঢাকার সঙ্গী ‘পরাজিত’ বরিশাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডিতে কাল যেন বসেছিল ক্রিকেট তারার মেলা। সাকিব আল হাসান, আবদুর রাজ্জাক, ইমরুল কায়েস, সৈয়দ রাসেল, জুনায়েদ সিদ্দিক, জহুরুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ মাসুদ, নাঈম ইসলাম, সোহরাওয়ার্দীরা তো ছিলেনই। খেলা দেখতে চলে এসেছিলেন আকরাম খান, নাঈমুর রহমান, খালেদ মাহমুদ, হাবিবুল বাশাররা।দর্শকদের প্রাপ্তি বলতে এই তারকা-দর্শন। নইলে হাজার দেড়েক দর্শক ফিরত প্রাপ্তির খাতায় শূন্য নিয়েই। ম্যাড়মেড়ে ম্যাচে খুলনার বিপক্ষে ৬ উইকেটে জিতেছে রাজশাহী। অবশ্য মিরপুরেও যে খুব ভালো খেলা হয়েছে তা নয়; ঢাকার ২৪২ রান তাড়া করে বরিশাল হেরেছে ৭৯ রানে।ঢাকার জয়ই হিসাবটাকে করে দেয় জটিল। ঢাকা, বরিশাল ও রাজশাহীর পয়েন্ট হয়ে যায় সমান—১০! এ ক্ষেত্রে ‘বাইলজ’ অনুযায়ী মুখোমুখি ফলাফলের আশ্রয় নিতে হয়েছে। দুই রাউন্ড মিলিয়ে পরস্পরের বিপক্ষে ঢাকার জয় ৩টি, বরিশালের ২টি ও রাজশাহীর ১টি। তাই শেষ ম্যাচে হেরেও ফাইনালে বরিশাল, জিতেও দর্শক রাজশাহী।শেষ ম্যাচে যে দাপট দেখিয়ে জিতেছে, তাতে ফাইনালে না ওঠায় কষ্ট পেতেই পারে রাজশাহী। তাদের বোলারদের সামনে, বিশেষ করে দুই স্পিনার নাঈম ও সোহরাওয়ার্দীর সামনে একেবারে হাঁটু ভেঙে বসে পড়েছে খুলনার ‘বিখ্যাত’ ব্যাটিং লাইনআপ; ১৮.৪ ওভার বাকি থাকতে তারা অলআউট ১১৮ রানে! ইমরুল-মিঠুনের উদ্বোধনী জুটিতে ৩৩ রান উঠেছিল। এই দুজন ছাড়া খুলনার ব্যাটসম্যানদের মধ্যে আর দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন শুধু সৈয়দ রাসেল (১৮*)! এরপর ৬৫ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে খুলনা। নাঈম ও সোহরাওয়ার্দী ৪ উইকেট করে নিয়েছেন। তবে খুলনার ব্যাটিংকে কার্যত শেষ করে দিয়েছে নাঈমের প্রথম তিন স্পেলের বোলিং। এই তিন স্পেল মিলিয়ে একসময় তাঁর বোলিং বিশ্লেষণ ছিল এমন: ৮-২-২০-৩! খুলনার ইনিংসজুড়ে শুধু মোহাম্মদ মিঠুন। অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৬৪ বলে ৬টি চার ও ২টি ছয়ে সাজিয়ে ৫৪ রান করে গেছেন। অন্যদের পক্ষে যুক্তি হতে পারে সোহরাওয়ার্দী-নাঈমের দারুণ বোলিং ও উইকেটের অসমান বাউন্স। কিন্তু ইমরুল, তুষার, সগীররা আসলে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন।এই রান পাড়ি দেওয়াটা রাজশাহীর জন্য কোনো চ্যালেঞ্জই ছিল না; খুলনার কিঞ্চিৎ আশা ছিল, যদি জাদু দেখাতে পারেন রাজ্জাক-সাকিব। তা হয়নি। রাজশাহী ৪০ ও ৪৬ রানে পরপর দুই উইকেট হারানোয় একটু আশা জেগেছিল বটে খুলনার। কিন্তু তৃতীয় উইকেটে সোহরাওয়ার্দী ও জুনায়েদের ৬৭ রানের জুটি রাজশাহীকে নিরাপদে তীরে পৌঁছে দেয়। একসময় খেলাটার আকর্ষণ হয়ে দাঁড়ায় জুনায়েদের ফিফটি হয় কি না সেটাই দেখা! শেষ পর্যন্ত অবশ্য হাফ সেঞ্চুরি থেকে ৩ রান দূরে আউট হয়ে গেছেন রাজশাহীর ওপেনার।ঢাকার ম্যাচটিতে অবশ্য এত রান-খরা ছিল না। বরং মাঝে পথ হারিয়ে না ফেললে ২৪৭ রানের চেয়ে বড় হতে পারত ঢাকার ইনিংস। ৫৭ রানে ২ উইকেট হারানো ঢাকাকে বড় রানের স্বপ্ন দেখায় ১৬.৫ ওভারে আশরাফুল-শামসুর রহমানের ৬৪ রানের জুটি। শামসুরের অতি ধীরে চলো নীতির পরও ঢাকা তখন বড় স্কোরই দেখতে পাচ্ছিল। সে আশা মূলত শেষ করে দিয়েছেন সোহাগ গাজী। ৩৬ রানের ব্যবধানে সোহাগ তুলে নিয়েছেন আশরাফুল, শামসুর ও মাহমুদউল্লাহর উইকেট। ঢাকার বাকি ইনিংসটুকু শুভাগতময়। সোহাগ গাজীকে প্রথম বলেই অফ ড্রাইভে চার মেরে শুরু করা শুভাগত ৪টি চার ও কামরুলকে মিড উইকেটের ওপর দিয়ে মারা একটি ছক্কায় সাজিয়ে ৪৭ বলে ৫৭ রান করে আউট হয়েছেন।বরিশালের ফজলে রাব্বির শুরুটা দেখে মনে হচ্ছিল ঢাকাকে তিনি হতাশ করে ছাড়বেন। ৩০ বলে ৩৭ রানের ইনিংস খেলেছেন; ৭টি চার ইনিংসে। তবে ফর্মে থাকা এই ব্যাটসম্যানকে বিদায় করে দেন মাহমুদউল্লাহ। পরে বরিশালের ব্যাটিংই হার মেনে যায় মোহাম্মদ শরীফের অধিনায়কত্বের কাছে। শুরুতে নিজে এবং শাহাদাত, দুই পেসার দুই ওভার বল করে সুবিধা করতে পারেননি। তারপরই প্রতিপক্ষের দুই বাঁহাতি ওপেনারকে কাবু করতে বল তুলে দেন ডানহাতি অফ স্পিনার মাহমুদউল্লাহর হাতে। মাহমুদউল্লাহ দুই ওপেনারের উইকেট তুলে নিয়েছেন। এরপর শাহাদাত-মাহমুদউল্লাহদের আর কখনোই ঠিকমতো সামলাতে পারেনি বরিশাল। ফল, পাঁচে নামা ব্যাটসম্যান আসিফের ৪৪ রানের পরও ১৬৩ রানে অলআউট শাহরিয়ার নাফীসের দল। সংক্ষিপ্ত স্কোর ঢাকা-বরিশালঢাকা: ৪৯ ওভারে ২৪২ (শামসুর ৫৪, শুভাগত ৫৪, রনি ৩৭, আশরাফুল ৩৬; আসিফ ৩/২৫, সোহাগ ৩/৩৪, কামরুল ৩/৬৭, মনির ১/৩৩)। বরিশাল: ৪০.১ ওভারে ১৬৩ (আসিফ ৪৪, রাব্বি ৩৭, মনির ২০; শাহাদাত ৩/২৩, মাহমুদউল্লাহ ৩/২৯, মোশাররফ ১/১৯, নূর ১/২০, ইলিয়াস ১/৩৭)। ফল: ঢাকা ৭৯ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শুভাগত হোম চৌধুরী। খুলনা-রাজশাহীখুলনা: ৩১.২ ওভারে ১১৮ (মিঠুন ৫৪; সোহরাওয়ার্দী ৪/২৮, নাঈম ৪/৩২, সাকলাইন ২/২২)। রাজশাহী: ২৮.২ ওভারে ১২৪/৪ (জুনায়েদ ৪৭, সোহরাওয়ার্দী ৩৪, জহুরুল ২৭; ইমরুল ২/১৮, রাজ্জাক ২/৪৫)। ফল: রাজশাহী ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ সোহরাওয়ার্দী।