ঢাকার সামনে কঠিন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ম্যাচের এই অবস্থা থেকে রাজশাহীর সম্ভাবনা কতটুকু?নাঈম ইসলাম: আমাদের দিকে ৭০ শতাংশ, ওদের দিকে ৩০ শতাংশ।শুধু শতকরা হিসাব দিয়েই বোঝালেন না। ম্যাচটা এখন রাজশাহীর হাতে বলেই দাবি নাঈমের। ঢাকা খুব ভালো কিছু করে ফেললে ভিন্ন কথা। প্রথম ইনিংসে রাজশাহীর ৩১৪ রান থেকে ঢাকা মাত্র ৬৩ রান এগিয়ে। জাতীয় লিগ ফাইনালে আজ কঠিন একটা দিনই অপেক্ষা করছে ঢাকার সামনে। উইকেটে থাকা দুই ব্যাটসম্যান মেহরাব জুনিয়র ও মাহমুদউল্লাহ রাজশাহীকে কত বড় লক্ষ্যের দিকে টেনে নিতে পারবেন?শুরুর ব্যাটিং বিপর্যয়টা আগের দিনই সামলে উঠেছিলেন নাঈম-ধীমান। কাল দিনের ষষ্ঠ ওভারেই শরীফের বলে ধীমান এলবিডব্লু হওয়ায় ভাঙে ১২৬ রানের জুটি। ধীমান ১০৮ বলে ৭৫ রান করে আউট হয়ে গেলেও নির্ভরতার প্রতীক হয়ে নাঈম ছিলেন ইনিংসের শেষ পর্যন্ত, পুরো ৭ ঘণ্টা! জাতীয় দলের অন্য ব্যাটসম্যানদের জন্য অনুকরণীয় ধৈর্যশীল এক ইনিংস খেললেন। ইলিয়াস সানির বলে মিড অফে ক্যাচ তুলে আউট হলেন ইনিংসের শেষ ব্যাটসম্যান হিসেবে। তার আগে রাজশাহীকে লিড এনে দিলেন প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের ষষ্ঠ সেঞ্চুরি করে। ফিফটি করেছেন ১২৯ বলে, সেঞ্চুরি পূর্ণ করতে খেলেছেন ২৪১ বল।২৮১ বলে ১৫ বাউন্ডারিতে ১১২ রান—দিনশেষে নাঈম ইনিংসটাকে উৎসর্গ করলেন বিদায়ী ম্যাচ খেলতে নামা অধিনায়ক খালেদ মাসুদকে, ‘এ রকম একটা ইনিংস দলের জন্য খেলা দরকার ছিল। পাইলট ভাইয়ের (খালেদ মাসুদ) শেষ ম্যাচ, আমাদের চ্যাম্পিয়ন হতে হবে।’ঘরোয়া ক্রিকেটে ওপরের দিকে ব্যাট করলেও জাতীয় দলে সাত-আটে ব্যাটিং করে অভ্যস্ত নাঈম। মানিয়ে নিতে কিছুটা সংগ্রাম তাঁকে করতে হয়েছে। তবে এই সেঞ্চুরিতে জাতীয় দলের টপ-মিডল অর্ডার ব্যাটসম্যানদের একটা হুমকি কিন্তু দিয়েছেন, ‘যে পারে, সে সব জায়গাতেই পারে। ওপরে ব্যাটিং করাটা সবাই-ই উপভোগ করে। জাতীয় দলে ওপরে ব্যাট করার সুযোগ পেলে স্থায়ী হওয়ার চেষ্টা করব।’নাঈমের সেঞ্চুরিতে কিছুটা ম্লান ঢাকার ৫ উইকেট পাওয়া পেসার শাহাদাত হোসেনের কৃতিত্ব। আর নাঈম ওই হুমকিটা যাঁদের দিলেন, তাঁদের প্রতিনিধি হয়ে মোহাম্মদ আশরাফুল পারেননি হুমকির জবাব ব্যাট দিয়ে দিতে। প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও অবিবেচকের মতো আউট ঢাকার ব্যাটসম্যান। সাকলাইন সজীবকে সুইপ করতে গিয়ে সিলি পয়েন্টে শূন্য রানে ক্যাচ জহুরুলের হাতে।ঢাকা অবশ্য আশরাফুলের আগেই হারিয়েছে ২ উইকেট। ইনিংসের তৃতীয় ওভারেই রনি তালুকদার বোল্ড শফিউলের বলে। দ্বিতীয় উইকেট জুটিতে শামসুর-আনামুল ভালোই খেলছিলেন। কিন্তু শফিউলের বাউন্সারে কানের পাশে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় আনামুলকে। ৭৪ রানে ৩ উইকেট পড়ার পর ঢাকাকে ম্যাচে রাখার দায়িত্ব পড়ে ৩২ রানে অপরাজিত মেহরাব ও ৯ রান নিয়ে উইকেটে থাকা মাহমুদউল্লাহর ওপর। রাজশাহীর লক্ষ্য, ঢাকার দ্বিতীয় ইনিংসটা ২০০ রানের মধ্যেই শেষ করে দেওয়া। লক্ষ্যটা জানালেন সেঞ্চুরিয়ান নাঈম!