ঢাকার স্কুলে টিটি প্রতিভার খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর স্কুল থেকে প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নিয়ে ভালোই সাড়া পাচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস খেলোয়াড় সোসাইটি।ঢাকার ১০টি ইংরেজি মাধ্যমের স্কুলে মাস দুয়েক আগে কার্যক্রম শুরুর পর প্রায় মাঝপথে এসে খেলোয়াড় সোসাইটি মনে করছে, স্কুলের ছেলেমেয়েদের আগ্রহ কাজে লাগিয়ে দেশের মৃতপ্রায় টিটি অঙ্গনকে জাগিয়ে তোলা সম্ভব। ইংরেজি মাধ্যমের পর তাই নির্বাচিত বাংলা মাধ্যমের স্কুলেও প্রশিক্ষণ দেওয়া হবে। সারা দেশে টুর্নামেন্ট করার পরিকল্পনা আছে তাদের। পুরো আয়োজনে আর্থিক পৃষ্ঠপোষণা করছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।প্রথম পর্বের প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে টিটি টেবিল আছে এমন ১০টি স্কুল—ধানমন্ডি টিউটোরিয়াল, সানিডেল, সিদ্দিকস ইন্টারন্যাশনাল, রেডিয়েন্ট ইন্টারন্যাশনাল ও ম্যাপললিফ, টার্কিস ইন্টারন্যাশনাল, আগাখান, দিল্লি পাবলিক, সানবিমস ও রেড ব্রিকস। এখন সব স্কুলে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী চলছে। কাল অনুষ্ঠান ছিল সিদ্দিকস ইন্টারন্যাশনালে।খেলোয়াড় সোসাইটির উন্নয়ন ও পরিকল্পনা সম্পাদক মারুফ এনায়েত হোসেন জানিয়েছেন, প্রতিটি স্কুলে ৪ মাসে মোট ৩৬টি করে ক্লাস হবে। খেলোয়াড় সোসাইটি বর্তমান ও সাবেক জাতীয় খেলোয়াড়দের দিয়ে প্রশিক্ষণ দেওয়াচ্ছে। ৮-১২ বছর বয়সী ছেলেমেয়েদের জন্য এই প্রশিক্ষণ, এখন পর্যন্ত প্রশিক্ষণের জন্য পাওয়া গেছে প্রায় ৩০০ ছেলেমেয়ে। ‘খুব ভালো সাড়া পাচ্ছি’—বলেছেন মারুফ।