ঢাকার হকিতে কিউই অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দেখায় যে কেউ মেয়ে বলে ভুল করতে পারে। লম্বা চুল। ফরসা চেহারায় কোথায় যেন মেয়েলি মেয়েলি ভাব। নামটাও বাঙালি মেয়েদের মতোই—জাকিয়া। পুরো নাম জাকিয়া পেজ। নিউজিল্যান্ডের ১২ বছর বয়সী এই কিশোর এবার খেলল লিরিক স্বাধীনতা দিবস হকিতে, ওয়ারী ক্লাবের হয়ে। দল চ্যাম্পিয়ন হওয়ার পর ওয়ারীর পতাকা হাতে নিয়ে মনের আনন্দে সবুজ অ্যাস্ট্রো টার্ফের ওপর দৌড়াল কয়েক চক্কর।নিউজিল্যান্ডের এতটুকুন কিশোর খেলছে বাংলাদেশের হকি টুর্নামেন্টে! অবাক করার মতোই ব্যাপার। বাংলাদেশের হকির সেই সোনালি দিন তো হারিয়ে গেছে কবেই। শাহবাজ আহমেদ, ধনরাজ পিল্লাইদের পর বিদেশি খেলোয়াড় আনা যেন ভুলেই গেছে ক্লাবগুলো। ওয়ারীর এই কিশোরকে অবশ্য নিউজিল্যান্ড থেকে উড়িয়ে আনা হয়নি। বাংলাদেশপ্রবাসী ছেলেটার আগ্রহেই ওয়ারী ক্লাব তাকে নিয়েছে।জাকিয়ার বাবা ক্রিস পেজ ব্রিটিশ, মা ফে পেজ নিউজিল্যান্ডের ব্লেনহেইমের। দুজনই শিক্ষকতা করছেন ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকায় (আইএসডি)। পরশু ছোট ছেলে তায়েকো পেজকে নিয়ে এই দম্পতি খেলা দেখতে এসেছিলেন মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। ওয়ারীর কোনো খেলোয়াড় বল নিয়ে বক্সের দিকে দৌড় দিতেই ওয়ারী, ওয়ারী বলে লাফিয়ে উঠেছেন। আর গোল হলে তো কথাই নেই! আনন্দে আত্মহারা হয়ে গেছেন। শেষ মুহূর্তের গোলে ম্যাচ টাইব্রেকারে গড়ানোয় অবশ্য আফসোসের সীমা ছিল না তাঁদের। শেষ পর্যন্ত ওয়ারী চ্যাম্পিয়ন হতেই স্বস্তি। খেলা শেষে ওয়ারীর পতাকা নিয়ে ছোট্ট তায়েকোও অনেকক্ষণ ঘোরাঘুরি করল মাঠে। হকি ভালো লাগে কি না—জিজ্ঞাসা করতেই বলল, ‘নো হকি, আই লাভ ক্রিকেট।’ তাহলে কাকে পছন্দ? ড্যানিয়েল ভেট্টোরি, রস টেলর? অবাক করে বলল, ‘সাকিব আল হাসান!’ তুমি তাঁর খেলা দেখেছ—প্রশ্নে উত্তর, ‘টেলিভিশনে সাকিবের খেলা দেখেছি। খুব ভালো লাগে।’ছোট ভাইয়ের মতো ক্রিকেট-পাগল নয়। ঢাকায় এসে জাকিয়া খুঁজতে লাগল হকি মাঠ। খোঁজ পেয়ে মা-বাবাকে নিয়ে প্রতি শুক্রবার স্টেডিয়ামে অনুশীলন করতে লাগল। সেখানেই পরিচয় ওয়ারীর অধিনায়ক আশিকুজ্জামানের সঙ্গে। খেলার প্রতি আগ্রহ দেখে তাকে দলে নেন আশিক।একসময় নিউজিল্যান্ডের ব্ল্যাক স্টিকস জুনিয়র দলের খেলোয়াড় জাকিয়ার প্রিয় খেলোয়াড় হল্যান্ডের টিউন ডি নুইয়ার। চোখে এখন থেকেই স্বপ্ন নিউজিল্যান্ড জাতীয় দলে খেলার। নিউজিল্যান্ডে সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে রাগবি আর ক্রিকেট ওপরের দিকে থাকলেও জাকিয়া ছোটবেলা থেকেই ভালোবাসে হকি, ‘আমার বয়স যখন পাঁচ বছর, তখন থেকেই টেলিভিশনে হকি খেলা দেখি। আস্তে আস্তে খেলাটা ভালো লেগে যায়। এরপর আর ছাড়তে পারিনি হকি।’ তবে তার মা ফে-র আফসোস, ‘ওখানে (নিউজিল্যান্ডে) কেউ সেভাবে হকি খেলে না। স্পনসরও নেই, টাকা-পয়সা ভালো পাওয়া যায় না। তবুও আমার ছেলে যেহেতু খেলে, ওকে আমরা সমর্থন দিই সব সময়।’ ছেলে বাংলাদেশের একটা টুর্নামেন্টে খেলেছে বলে বেশ গর্বিতই মনে হলো মা-বাবাকে। ফে জানালেন, জাকিয়া এরই মধ্যে আরেকটা টুর্নামেন্টে খেলেছে মুন্সিগঞ্জে। আর স্বাধীনতা কাপে পুলিশের বিপক্ষে ৬-০-তে জয় পাওয়া প্রথম ম্যাচে গোলও করে একটা।ওয়ারীর অধিনায়ক আশিকুজ্জামান উঠতি এই খেলোয়াড়ের মধ্যে দেখছেন অফুরন্ত সম্ভাবনা, ‘অনেক পরিশ্রম করে। ওকে এখানে অনুশীলন করতে দেখে আমি ক্লাবকে জানাই। দলে একজন বিদেশি নেওয়ার সুযোগ ছিল। সুযোগটা আমরা হাতছাড়া করিনি।’খেলতে খেলতেই বাংলাদেশে অনেক বন্ধু জুটে গেছে। কিন্তু গ্যালারি যে ফাঁকাই থাকে! এটা মাঝেমধ্যে হতাশ করলেও ব্ল্যাক স্টিকসের জাকিয়া বারবার ফিরে আসতে চায় শূন্য স্টেডিয়ামেই। হকিস্টিকের টানে, হকির টানে।