ঢাকায় আইসিসির ভেন্যু পরিদর্শক দল
বেঁধে দেওয়া সময়ে কাজের অগ্রগতি দেখতে আইসিসির ভেন্যু পরিদর্শক দল এখন ঢাকায়। আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলির নেতৃত্বে চার সদস্যের দলটি এসেছে কাল সন্ধ্যায়। এর আগে দুই দফায় ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু দেখে কাজের অগ্রগতিতে সন্তুষ্ট হতে পারেনি পরিদর্শক দল। এই দলটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সংস্কারকাজ ‘সন্তোষজনক’ পর্যায়ে আনার জন্য গত জুনে আইসিসির বার্ষিক সভায় বাংলাদেশকে আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো টুর্নামেন্টের ছয় মাস আগে প্রস্তুত করে ফেলতে হয় সব স্টেডিয়াম।আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম দিয়ে শুরু হবে ভেন্যু পরিদর্শন। কাল ফতুল্লা, পরশু বিকেএসপি। এসব ভেন্যু নিয়ে অবশ্য আগেও প্রশ্ন খুব একটা ওঠেনি। পরিদর্শক দলের আগ্রহ থাকবে মূলত সিলেট স্টেডিয়ামের সংস্কারকাজ ও কক্সবাজারে নতুন স্টেডিয়াম নির্মাণের অগ্রগতি নিয়ে। পরিদর্শন শেষে দলটি ঢাকা ছাড়বে ২২ আগস্ট।