ঢাকায় আন্তর্জাতিক জুনিয়র টেনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা টেনিস কমপ্লেক্সে আগামীকাল শুরু হচ্ছে আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ। অনূর্ধ্ব-১৮ বছর বয়সী এই প্রতিযোগিতায় অংশ নেবে অস্ট্রেলিয়া, কানাডা, চীন, মিসর, যুক্তরাজ্য, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, জাপান, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, লিথুয়ানিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সিরিয়া, থাইল্যান্ড, চীনা তাইপে, যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান ও স্বাগতিক বাংলাদেশের ১৫২ জন খেলোয়াড়। মহিলা ও পুরুষ বিভাগের একক এবং দ্বৈতে হবে খেলা। বালক বিভাগে ৪১ জন খেলোয়াড়কে বাছাইপর্ব খেলতে হবে, সরাসরি খেলবেন ৩৩ জন। তবে বালিকারা সুযোগ পাবে সরাসরি। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) জুনিয়র বিভাগের গ্রুপ পাঁচের এই টুর্নামেন্ট মূলত খেলোয়াড়দের র‌্যাঙ্কিং বাড়িয়ে নেওয়ার একটা সুযোগ। ঢাকার টুর্নামেন্ট শেষে রাজশাহীতেও একই প্রতিযোগিতা হবে ১৮ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত।
গত বছর অস্ট্রেলিয়ার খেলোয়াড়কে নিয়ে দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের বিপ্লব রাম। ফেডারেশন কার্যালয়ে কাল সংবাদ সম্মেলনে এবারও একটা শিরোপার প্রত্যাশা জানালেন সাধারণ সম্পাদক আবদুর রহমান।