ঢাকায় আন্তর্জাতিক প্রীতি ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাইরেই শুধু নয়, এবার ঢাকায়ও প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ‘ভিশন ২০২২’ ঘোষণা করে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এখন চাইছেন জাতীয় দলকে শক্তিশালী করতে। তারই অংশ হিসেবে একটি-দুটি নয়, বঙ্গবন্ধু স্টেডিয়ামে চার-চারটি প্রীতি ম্যাচ আয়োজন করছে বাফুফে। জানুয়ারির শেষ দিকে আসবে থাইল্যান্ড। ফেব্রুয়ারিতে ভারত। এরপর মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। সিঙ্গাপুরে সাফের সভা শেষে সালাউদ্দিন কাল জানিয়েছেন, ‘আগামী তিন মাসের মধ্যে আমরা চারটি প্রীতি ম্যাচ খেলব ঢাকায়। সংযুক্ত আরব আমিরাতের অনূর্ধ্ব-২৩ চেয়েছি, যাতে ওদের সঙ্গে আমাদের অনূর্ধ্ব-২৩ দলকে খেলার সুযোগ দেওয়া যায়। অন্য তিনটি দেশই জাতীয় দল পাঠাবে এবং তাদের সঙ্গে আমাদের জাতীয় দল খেলবে।’ উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর নেপালের সঙ্গে কাঠমান্ডুতে প্রথম প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ (১-১)। গত মাসে ব্যাংককের কাছে পাঁচ গোলে হারলেও মালয়েশিয়ার সঙ্গে ১-১ ড্র করেছে বাংলাদেশ। ওদিকে সাফের সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত কাঠমান্ডুতে হবে অষ্টম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ।