ঢাকায় আফ্রিকান ফুটবলারদের ঈদ-আনন্দ

পরিবার ছেড়ে কয়েক হাজার মাইল দুরে তাঁরা পড়ে আছেন জীবিকার তাগিদে। কিন্তু তাই বলে জীবনের আনন্দময় দিনগুলো তো একেবারে নিরানন্দ কাটতে পারে না। সামাদ ইউসুফরা তাঁদের মতো করে ঈদ কাটান প্রবাস জীবনে। ঈদের দিন সকালে সবাই ছুটে আসেন ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায়, যেখানে আফ্রিকান ফুটবলারদের বড় এক আবাসস্থল। অনেকেই ফ্ল্যাট নিয়ে থাকেন সেখানে। ঢাকায় খেলা আফ্রিকান মুসলিম ফুটবলাররা আজ যেমন সবাই একসঙ্গে বসুন্ধরায় নামাজ পড়ে সবাই একসঙ্গেই সময় কাটিয়েছেন। খাওয়া-দাওয়াতেই সীমাবদ্ধ ছিল না তাঁদের সময়টা। ঈদের রীতি মেনে কোলাকুলি, কুশল বিনিয়ম সবই ছিল ওই মিলনমেলায়।
বসুন্ধরার জি ব্লকে আজ সকালে ফেনী সকারের স্ট্রাইকার থুয়াম ফ্রাঙ্কের ফ্ল্যাটে যান ১০-১২ জন আফ্রিকান মুসলিম ফুটবলার। সেখানেই বাড়িওয়ালার দেওয়া কোরবানিতে হাত লাগান ফ্রাঙ্ক, সামাদ। সামাদ তো উদোম গায়ে মাংস কাটাকুটিতেও ব্যস্ত হয়ে পড়েন। তা সেই অন্যের কোরবানি হোক তাতে কী, কোরবানির অংশ হতে পেরেই ভীষণ খুশি আবাহনীতে টানা আট বছর ধরে খেলা এই ডিফেন্ডার। নিজেই বলছিলেন,‘ কোরবানির গরু কে কিনল সেটা বড় নয়, ওটা কাটাকুটিতে সহায়তা করারও কম নয়।’
তবে চাইলেও উদ্যোগে অভাবে ঢাকায় গরু কিনে কোরবানি দেওয়া হয় না তাঁদের। এ কারণে একটু হতাশাও আছে সামাদের,‘ আসলে ঢাকায় কোরবানি দেওয়ার ইচ্ছা থাকলেও সম্ভব হয় না। আমরা বিভিন্ন দলে খেলি, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। কোরবানির ব্যাপারটা নিয়ে কেউ একজন উদ্যোগ নিলে সেটা হয়তো সম্ভব ছিল। কিন্তু তা আর হয়ে ওঠে না।’ তবে মূল কাজটা তাঁরা করেন ঠিকই। বাড়িতে টাকা পাঠিয়ে দেন, তা দিয়েই হয় কোরবানি। প্রবাস জীবনে এটিই তাঁদের কাছে সবচেয়ে বড় তৃপ্তির।
সেই তৃপ্তিটাই আজ খেলা করে গেল আবাহনীর সেনেগালের স্ট্রাইকার কামারা, আবাহনীতে আট বছর কাটিয়ে এবার ব্রাদার্সে নাম লেখানো ঘানাইয়ান স্ট্রাইকার আউডু ইব্রাহিম, একই দেশের ডিফেন্ডার আব্বাস ইউনুসা, মরো মোহাম্মদ, আরামবাগের ইউসুফ ইসা, মোহামেডানে গিনিয়ান স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরা, ফেনী সকারে খেলা একই দেশের কামারা মোজার চোখে মুখে। ফ্রাঙ্কের বাসায় আজ এই ফুটবলাররা ঈদ-আড্ডায় মেতে ওঠেন। ছিল আফ্রিকান খাবারের আয়োজন। ‘আমরা তো বাংলাদেশি খাবার রান্না করতে পারি না। তাই আফ্রিকান খাবারই আজ রান্না হলো। এই যেমন পটেটো ফ্রাই ফিশ, সঙ্গে রাইস আর সস।’ বলছিলেন সামাদ।
ঐতিহ্যবাহী সেমাই প্রসঙ্গটা তুলতেই সামাদ ‘ওই ভেরি নাইস’ বাক্যটি দুবার বললেন। ঈদে এখানে ওখানে গেলে নাকি সেমাই খাওয়া হয় তাঁদের। রুটি, সুজিও বাদ পড়ে না। অনেক দিন ধরে বাংলাদেশে থাকার সুবাদে এই আফ্রিকান ফুটবলাররা বাংলাদেশি খাবার খাবারের সঙ্গে এখন বেশ পরিচিত। ঈদের দিনে বাংলাদেশি সতীর্থদের বাসায় আমন্ত্রিত হয়ে পোলাও-কোরমার স্বাদও নেন এই আফ্রিকানরা। আবাহনীতে গত আট বছরে মাত্র তিনটি ঈদ বাড়িতে করেছেন সামাদ, ঢাকায় খেলা থাকায় যেতে পারেনি অন্য ঈদে। পেশাদার ফুটবলার হিসেবে এই বাস্তবতা মেনে নিতে তাঁর কষ্ট হয় না। আজকাল যদিও প্রযুক্তির অগ্রযাত্রায় সারাক্ষণ পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, সবাইকে মুঠোফোনের পর্দায় দেখেন। তবু পরিবারের সঙ্গে থাকতে না পারার আক্ষেপটা ঠিকই পোড়ায় তাঁকে, ‘পরিবারের সঙ্গে ঈদ না করতে পারলে খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই। ঢাকায় যতটা সম্ভব সব আফ্রিকান এক জায়গায় সময় কাটাই । ঈদের সকালে বসুন্ধরায় নামাজ পড়তে গিয়েই আসলে অনেকের সঙ্গে দেখা হয়ে যায়।’
এই খেলোয়াড়দের কাছ থেকে দেখার অভিজ্ঞতায় শেখ রাসেলের গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য বললেন, ‘ঈদের দিনটা তাঁরা নিজেদের মতো করে কাটাতে চায়, শুভেচ্ছা বিনিময় করে সবার সঙ্গে। খাওয়া-দাওয়া সব করে। সবকিছু অনেকটা আমাদের মতোই।’
ভিন দেশ, ভিন্ন সংস্কৃতি। কিন্তু ঈদ উদ্যাপনের ধরনটা প্রায় একই রকম। সামাদ ইউসুফরা আর ব্যতিক্রম হবেন কেন!