ঢাকায় আসবেন ট্রিপল এইচ!
২৮ বছর আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয়েছিল সর্বশেষ আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতা দেখেছিল বাংলাদেশের টাইগার জলিল, পাকিস্তানের নাসের ভুলু ও আনোয়ার হোসেন, ভারতের বি কে শর্মাদের মতো কুস্তিগিরদের। গ্যালারি ছিল ভরা। আবারও ঢাকায় এমন একটি প্রতিযোগিতা আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশন। আসতে পারেন বর্তমান রেসলিংয়ের জনপ্রিয় তারকা জন সিনা, ট্রিপল এইচ (হান্টার হার্স্ট হামসলে), বিল গোল্ডবার্গরা।
কাল ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান তেমন আভাসই দিলেন, ‘আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছি একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট করতে। নানা কারণে করা যায়নি। এবার আশা করছি নভেম্বর-ডিসেম্বরের দিকে আয়োজন করতে পারব একটি বড় ধরনের টুর্নামেন্ট।’
ওই সময় ভারতে একটি প্রতিযোগিতায় আসার কথা এসব জনপ্রিয় তারকার। সুযোগটা কাজে লাগাতে চান তাবিউর, ‘একটা কিছু করে দেখাই। জন সিনা-ট্রিপল এইচদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। তাঁরা আশ্বাসও দিয়েছেন।’