ঢাকায় এ যেন অন্য এক ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটা ভারতীয় ক্রিকেট দলই তো? ফটোগ্রাফারদের ‘ধোনি ভাই, ধোনি ভাই’ ডাক শুনে যিনি হাসি মুখে পোজ দিয়ে দাঁড়িয়ে গেলেন, তিনি মহেন্দ্র সিং ধোনিই তো! আর ওই যে শ্মশ্রুমণ্ডিত পাগড়ি পরা লোকটা মিষ্টি খেতে খেতে এক চোট নেচে নিলেন, তিনি কি হরভজন সিং? গৌতম গম্ভীরের ট্রেডমার্ক গাম্ভীর্য ফুঁড়েই কি ভেসে উঠল হাসিটা! ‘কিছুই বলব না’ জাতীয় সেই অহং কোথায় ভারতের? কেমন করে চুরমার হয়ে গেল সেই অদৃশ্য দেয়াল, যা হাতছোঁয়া দূরত্বে আসার পরও দলটাকেও সর্বদা রেখে দেয় ধরাছোঁয়ার বাইরে!বিমানের যান্ত্রিক গোলযোগে দুবাই থেকে উড়াল দিতেই দুই ঘণ্টা দেরি। শ্রীলঙ্কা দল আর ভারতীয় কোচ গ্যারি কারস্টেনকে নিয়ে তাই কাল রাতে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটাও ঢাকায় নামল দুই ঘণ্টা পর। তবে সকালে নির্ধারিত সময়ের মিনিট পনেরো আগেই কোচ ছাড়া পুরো ভারতীয় দলকে নিয়ে রানওয়ে ছুঁয়েছে জেট এয়ারওয়েজের বিমান। এর আগে মুম্বাই থেকে বিমান উড়েছে আকাশে, আনন্দের পাখায় ভর করে কি উড়েছিল ধোনির দলও? দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-১-এ সিরিজ জিতে আগামীকাল থেকে যে ত্রিদেশীয় সিরিজ খেলতে তারা এখন ঢাকায়, সেটির এক প্রতিপক্ষের নাম শ্রীলঙ্কাই, অপর প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ।সোজাসুজি বলে দেওয়া যায় এই সিরিজে ভারতই ফেবারিট। বিমানবন্দরে ‘অচেনা’ এই ভারতীয় দলটার মধ্যে যে ফুরফুরে ভাব দেখা গেল, সেটাও ছিল ‘ফেবারিট-সুলভ’। তবে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে বীরেন্দর শেবাগ ফেবারিট দলের সহ-অধিনায়ক নন, মিশে যেতে চাইলেন ‘জনতার’ কাতারে। যেখানে দাঁড়িয়ে বাংলাদেশ দলকেও মনে হয় প্রবল প্রতিপক্ষ, ‘বাংলাদেশ-শ্রীলঙ্কা দুদলই শক্ত প্রতিপক্ষ। বাংলাদেশ তো যেকোনো দলকেই চমকে দিতে পারে, যে কাউকে হারাতে পারে। অস্ট্রেলিয়া, পাকিস্তানের মতো দলকেও হারানোর সাফল্য আছে তাদের। কাজেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচকেও আমরা হালকাভাবে নিচ্ছি না।’শুধু বাংলাদেশ দলই নয়, শেবাগের কাছে গুরুত্ব পাচ্ছে সিরিজটাও। তবে ঢাকায় পা দিয়ে সরাসরি সিরিজ জয়ের লক্ষ্যের কথা মুখে আনলেন না, বললেন, ‘আমাদের টার্গেট একটাই—ভালো ক্রিকেট খেলা। দুই বছর ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি। আশা করি, ২০১০-এও সে ধারাবাহিকতা ধরে রাখব। ভালো খেলেই জিততে পারব ত্রিদেশীয় সিরিজ।’শ্রীলঙ্কা দলে সনাত্ জয়াসুরিয়া নেই। নেই মাহেলা জয়াবর্ধনে, মুত্তিয়া মুরালিধরন, অজন্তা মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ বা লাসিথ মালিঙ্গাদের কেউ। শ্রীলঙ্কার মর্যাদা তারপরও কম নয় শেবাগের কাছে। বরং অনেক নতুন মুখের এই দলটা তাঁর চোখে দুর্বোধ্য, ‘নতুন খেলোয়াড় এলে আপনি আগে থেকে বুঝতে পারবেন না সে কেমন খেলবে। বরং তাদের বিপক্ষে বোলিং-ব্যাটিং করাটাই বেশি কঠিন। শ্রীলঙ্কাকে তাই ভালো দলই বলব।’ আর বাংলাদেশ? এই সিরিজেও যে মাশরাফি বিন মুর্তজা মাঠের বাইরের ‘অধিনায়ক’! খবরটা বিমানবন্দরেই প্রথম শুনে শেবাগ বললেন, ‘জানি না দলে কে কে আছে। তবে বাংলাদেশের হয়ে যেই খেলবে, তার জন্য গর্বের হবে সেটা। আশা করি তারাও ভালো খেলবে।’বেশি বেশি ম্যাচ খেলা হয়ে যাচ্ছে বলে ত্রিদেশীয় সিরিজে নেই শচীন টেন্ডুলকার। শেবাগও মনে করেন, সিনিয়রদের বিশ্রাম দেওয়াটা দায়িত্ব। টেন্ডুলকারের প্রয়োজনও নেই, বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলের জন্য অনেক বড় দুশ্চিন্তা হয়ে উঠতে পারে শেবাগের চলতি ফর্মই। বাংলাদেশ ছিল টেলিভিশন পর্দার দর্শক, আর শ্রীলঙ্কা বিপক্ষ হিসেবে দাঁড়িয়ে সেটি বুঝেছে মাঠেই। দুদলের জন্যই দুঃসংবাদ, ঢাকায়ও সেই রূপটাই ধরে রাখতে চান ভারতীয় এই ওপেনার, ‘দুই বছর ধরেই আমি ভালো ফর্মে আছি, আশা করছি ২০১০ সালটাও ভালো যাবে।্রতবে ফর্ম ধরে রাখা সব সময়ই কঠিন। আমি চেষ্টা করব কঠোর পরিশ্রম করে সেটা ধরে রাখতে।’ শেবাগের ইচ্ছায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের শিশিরভেজা উইকেট। তিনি নিজেও জানেন সেটা, ‘উপমহাদেশে যেখানেই যাবেন একই ধরনের উইকেট পাবেন। ব্যাটিংয়ের জন্য ভালো, তবে শেষের দিকে আস্তে আস্তে ধীর হয়ে যাবে। আর বাংলাদেশের উইকেটে শিশিরটাও অনেক বড় ফ্যাক্টর। টেলিভিশনে দেখেছি বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে পরে ব্যাট করা দলই সহজে জিতেছে।’প্রতিপক্ষ কিংবা উইকেট—ভারতের অপেক্ষায় থাকা সবকিছুই কি দুর্বোধ্য? ঢাকায় নেমে হয়তো সে কারণেই প্রথম দিনটা রহস্যময় হয়ে থাকল ভারতও। আর সব আচরণের মতো প্রেস ব্রিফিংয়ে সহ-অধিনায়কের কথা বলাটাও তো পূর্ব অভিজ্ঞতার সঙ্গে মেলে না! আগেরবার অনেক অনুনয়-বিনয়ের পর যেখানে সুরেশ রায়নার মতো একজনকে ঠেলে দেওয়া হয়েছিল মাইক্রোফোনের সামনে, কাল কিনা সেখানে শেবাগ!