ঢাকায় এবার পর্তুগিজ ফুটবলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগেও ঢাকায় একঝাঁক আফ্রিকান ফুটবলার ভাগ্যান্বেষণে এসে ঘাঁটি গাড়তেন। এখানকার বড় দলগুলোও ওই বিদেশিদের নিয়ে ‘কাজ’ চালিয়ে নিত। দিন পাল্টেছে। আগের চেয়ে এখন তুলনামূলক ভালো বিদেশি ফুটবলার আনতে চাইছে বড় দলগুলো। কয়েক দিন পরই শুরু হওয়া প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদলের সুযোগ কাজে লাগাতে শিরোপাপ্রত্যাশীরা এখন ‘ভালো’ বিদেশি খেলোয়াড় আনতে মরিয়া।

ঐতিহ্যবাহী মোহামেডানই গত কয়েক বছর নজরকাড়া বিদেশি আনতে পারেনি। তবে এবার লিগের দ্বিতীয় পর্বে নিবন্ধন করাতে একজন নাইজেরিয়ান স্টপারের পাশাপাশি নিয়ে এসেছে পর্তুগালের ওসিমি জঙ্গোকে (মিডফিল্ডার)। কোনো পর্তুগিজ ফুটবলার এই প্রথম পা রাখলেন বাংলাদেশে।

পর্তুগিজ কোচ রুই ক্যাপেলার হাত ধরে মোহামেডানে আসা এই খেলোয়াড় মাঠে নামলেই বোঝা যাবে তিনি কোন মানের। তবে মোহামেডানের ম্যানেজার আমিরুল ইসলাম (বাবু) বলেছেন, ‘জঙ্গোকে আমাদের পছন্দ হয়েছে।’ সহকারী ম্যানেজার ইমতিয়াজ আহমেদের (নকীব) সংযোজন, ‘আমার কাছে ওকে সনি নর্দের মতোই মনে হচ্ছে।’

নর্দের মতো ফুটবলার এলে তো ভালোই। বাংলাদেশের ঘরোয়া ফুটবল জাগাতে তেমন ফুটবলার দরকারও। তবে সমস্যা হচ্ছে, নজরকাড়া ফুটবলার আনতে মোটা অঙ্কের টাকার প্রয়োজন, যা সংগ্রহ করার সামর্থ্য বা সাহস বড় ক্লাবগুলোর অনেকেরই নেই। মোহামেডান যে এবার পর্তুগাল থেকে ফুটবলার আনল, এতে বর্তে যাওয়ার কথা দলটির সমর্থকদের। শুধু তা-ই নয়, রোনালদোর দেশের একজন স্ট্রাইকারও কয়েক দিনের মধ্যে সাদা-কালোয় আসার কথা।

আবাহনীও ভালো বিদেশির সন্ধানে। তালেগোলে তারাও হাত বাড়িয়েছে পর্তুগালের দিকে। গতকালই পর্তুগালের ফরোয়ার্ড লিওনার্দো সুয়ারেজ ঢাকায় এসেছেন। আকাশি-নীলের ম্যানেজার সত্যজিৎ দাসের আশাবাদ, ‘ভালো খেলোয়াড় জেনেই লিওনার্দোকে এনেছি। আশা করি, পর্তুগালের এই খেলোয়াড়টি ভালোই হবে।’ লিগের দ্বিতীয় পর্বে দলভুক্ত করতে আবাহনী একজন করে হাইতিয়ান, নাইজেরিয়ান, সার্বিয়ান, সিয়েরা লিওনের খেলোয়াড় আনার প্রক্রিয়া শেষ করেছে। এই পর্বে জনা তিনেক নতুন বিদেশি ফুটবলার নিচ্ছে পেশাদার লিগের চারবারের চ্যাম্পিয়নরা।

শেখ জামালও নতুন খেলোয়াড় নেওয়ার তাগিদ অনুভব করছে। অন্যদের তুলনায় তাদের বিদেশিরা সবচেয়ে বেশি কার্যকর হলেও পুরো সন্তুষ্ট নন কর্তারা। শেখ জামালের ম্যানেজার আনোয়ারুল করিম বললেন, ‘নর্দে সবার সেরা, তবে ওয়েডসন-এমেকাদের চেয়ে আরও ভালো ফুটবলার খুঁজছি আমরা।’ সেই ‘ভালো’ খেলোয়াড় পাওয়া গেছে একজন—পোল্যান্ডে খেলা নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল। যাঁর দু-চার দিনের মধ্যে আসার কথা। দলটির কোচ যোসেফ আপুসি এখন ইংল্যান্ডে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, তিনিই নিয়ে আসছেন ড্যানিয়েলকে।

গতবারের ট্রেবলজয়ী শেখ রাসেল ক্রীড়াচক্র প্রথম পর্বে অনেকটা পিছিয়ে, দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়াতে পরশু এনেছে সার্বিয়ান মিডফিল্ডারকে। দুজন ফরাসি (স্ট্রাইকার ও মিডফিল্ডার) ও একজন স্প্যানিশ (ডিফেন্ডার) আসছেন কয়েক দিনের মধ্যে। মুক্তিযোদ্ধা সংসদ দ্বিতীয় পর্বে পাচ্ছে তাদের পুরোনো নাইজেরিয়ান স্ট্রাইকার সানডেকে। যোগ হচ্ছেন একজন মিসরীয় মিডফিল্ডার।

এই বিদেশিদের ভিড়ে আলাদা করে চোখ থাকবে আবাহনী-মোহামেডানের পর্তুগিজ ফুটবলারদের দিকে।