
কলকাতা থেকে আইএফএ শিল্ডটাই শুধু জিততে পারেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কিন্তু মানুষের হূদয়টা জিতেছে পাঁচটা ম্যাচ খেলেই। কলকাতা মাতিয়ে আসা শেখ জামালের খেলা দেখতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল মেরেকেটে হাজির হাজার খানেক দর্শক। এত কম দর্শক দেখেই কি না সনি নর্দেদের পা থেকে কাল ‘মোহনীয়’ ফুটবলও বেরোল না।
বিজেএমসির সঙ্গে ২-২ গোলে ড্র হয়েছে শেখ জামালের ম্যাচ।
কলকাতায় আইএফএ শিল্ডে খেলে আসা দলটির সঙ্গে ঢাকার জামালকে মেলানো যাচ্ছিল না। কোথায় পাসিং আর প্রেসিং ফুটবল? হতাশ কোচ যোসেফ আপুসি সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিলেন, ‘ওটা ছিল ভিন্ন পরিবেশে, ভিন্ন মাঠে, ভিন্ন টুর্নামেন্টে খেলা। কলকাতায় টার্ফে খেলে এসে এখানে ঘাসের মাঠে খেলা একটু কঠিনই ছিল ছেলেদের পক্ষে।’
দুর্বল রেফারিংয়ের কথাও বলতে পারতেন শেখ জামালের কোচ। দু-একবার যে নর্দে ঝলক দেখাননি তা নয়। যখনই বক্সের দিকে এগিয়েছেন, তখনই বিজেএমসির ডিফেন্ডারদের কেউ জার্সি টেনে ধরেছেন, কেউ ফেলেই দিয়েছেন। এসব নিয়ে তর্ক করতে গিয়ে হলুদ কার্ডও দেখেছেন হাইতিয়ান ফরোয়ার্ড। অধিনায়ক মামুনুল ইসলামের আফসোস, এভাবে খেলা চলতে থাকলে নর্দেকে হয়তো হারাবে বাংলাদেশ, ‘ভালো খেলোয়াড়কে আমাদের নিরাপত্তা দেওয়া উচিত। রেফারিং ভালো না হলে আমরা সেরাটা দেখাতে পারব না। নর্দের মতো খেলোয়াড়কে শুধু টাকা দিয়ে আটকে রাখতে পারব না।’ চোট পাওয়া নর্দেকে আগামী ম্যাচে আবাহনীর বিপক্ষে পাওয়া যাবে কি না, সেটা নিয়েও সংশয়ে আছেন কোচ আপুসি।
একটু ধীরগতিতে খেলাটা শুরু করেছিল শেখ জামাল। সেই সুযোগেই কিছু বুঝে ওঠার আগেই জামালের জালে বল! ম্যাচটি তখন মাত্রই দুই মিনিট গড়িয়েছে। বক্সের সামান্য ওপর থেকে স্যামসান ইলিয়াসুর দুর্বল শট অপ্রস্তুত গোলরক্ষক হিমেল ধরতে পারলেন না। তবে দ্রুতই খেলা ধরে ম্যাচে ফিরেছে জামাল। ১০ মিনিটে মামুনুলের ফ্রি-কিক থেকে ওয়েডসন মাথা ছোঁয়াতে গেলে বিজেএমসির সাইফুল আত্মঘাতী গোলে সমতায় ফেরান জামালকে।
এমেকা ডার্লিংটনের দুর্দান্ত শটে ৩৬ মিনিটে ২-১ করে জামাল। কিন্তু ৪৩ মিনিটে ২-২ করে ফেলে বিজেএমসি। বাঁ পাশ দিয়ে বল টেনে নিয়ে বাঙ্গুরা যে বল বাড়ান তা থেকে ২-২ করেন ফেলিক্স। দ্বিতীয়ার্ধে অবশ্য সুযোগ বেশি পেয়েছে বিজেএমসি। কিন্তু পুরো ৩ পয়েন্ট আর নিতে পারেনি। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে জামাল এখন তৃতীয় স্থানে। আর ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পাঁচে থেকে প্রথম পর্ব শেষ করল বিজেএমসি।
ম্যাচ শুরুর আগে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে ডিনার করানো হবে বলে ঘোষণা দিয়েছিলেন বিজেএমসির ম্যানেজার শামীম খান। ডিনারটা কাল নিশ্চয়ই ভালো হয়েছে বিজেএমসির!