ঢাকায় কুইন্স ব্যাটন রিলে

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের বার্তা নিয়ে বরাবরের মতো এবারও ঢাকায় পৌঁছেছে কুইন্স ব্যাটন রিলে। লন্ডনের বাকিংহাম প্যালেস থেকে ৯ অক্টোবর যাত্রা শুরু হওয়া এই ব্যাটন রিলে ভারত থেকে কালই বাংলাদেশে এসেছে। আগামী বছর ২৩ জুলাই থেকে ৩ আগস্ট স্কটল্যান্ডের গ্লাসগোতে হবে ২০তম কমনওয়েলথ গেমস। কমনওয়েলথভুক্ত দেশগুলোতে গণসচেতনতা সৃষ্টি করতেই এই আয়োজন। কাল দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এলে ব্যাটনটি গ্রহণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান। এরপর শুরু হয় শোভাযাত্রা। কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শ্যুটার আসিফ হোসেন খানের নেতৃত্বে এই শোভাযাত্রায় ছিলেন আরও দুই শ্যুটার সৈয়দা সাদিয়া সুলতানা ও আবদুল্লাহ হেল বাকি। ভিভিআইপি টার্মিনাল থেকে শুরু হয়ে বিমানবন্দর সড়ক দিয়ে আফতাবনগরে এসে শেষ হয় শোভাযাত্রাটি। পরে ব্রিটিশ হাইকমিশন কাল সন্ধ্যায় কুইন্স ব্যাটন রিলে দলের সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ব্যাটন রিলেটি আগামীকাল যাবে পাকিস্তান।