ঢাকায় কুস্তির মহোৎসব
৬ কোটি টাকা খরচ করে বাংলাদেশে বিশাল এক কুস্তি টুর্নামেন্ট হচ্ছে!অবিশ্বাস্য। অকল্পনীয়। বাংলাদেশ কুস্তি ফেডারেশনের তো ছয় লাখ টাকা খরচ করারই সামর্থ্য নেই, সেখানে ছয় কোটি! কীভাবে সম্ভব?আসলে ব্যাপারটা হলো, কুস্তিতে ইরান তো বড় এক শক্তি। তারাই টুর্নামেন্টটা বাংলাদেশে করছে এবং সব টাকাই দেবে ইরান। কুস্তির প্রসারে ইরান দেশে দেশে এমন টুর্নামেন্ট করছে অনেক আগে থেকেই। বাংলাদেশ চেষ্টা-তদবির করে ইরানের ঘরোয়া এই টুর্নামেন্টটা নিয়ে এসেছে ঢাকায়।টুর্নামেন্টের নামটাও চমক-জাগানিয়া—জুরখানে টুর্নামেন্ট। যেটির পোশাকি নাম তৃতীয় এশিয়ান জুরখানে স্পোর্টস ও কুস্তি পালোয়ানি চ্যাম্পিয়নশিপ। আয়োজক এশিয়ান জুরখানে ফেডারেশন (ইরান প্রতিষ্ঠিত)। ‘জুরখানে’ শব্দের অর্থ শক্তির জায়গা। ‘জুর’ অর্থ শক্তি আর ‘খানে’ অর্থ জায়গা। জুরখানে স্পোর্টস ইরানের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।সেটিরই অংশ হিসেবে এর আগে নিজ দেশের বাইরে নেপালে জুরখানে টুর্নামেন্ট করেছে ইরান। শুধু তা-ই নয়, আফগানিস্তান, কোরিয়া, নেপালসহ বেশ কয়েকটি দেশে জুরখানে কমপ্লেক্সও করে দিয়েছে দেশটি।বাংলাদেশ কুস্তি ফেডারেশন জায়গা দিতে পারলে এখানেও একটা জুরখানে স্পোর্টস কমপ্লেক্স করে দেবে ইরান। বাংলাদেশের মৃতপ্রায় কুস্তির জন্য এটা বিরাট এক সুযোগ। এ নিয়ে দৌড়ঝাঁপ চলছে। ইরান একজন কোচও দিয়েছে বাংলাদেশকে।২৮-৩০ জুলাই উডেনফ্লোরে মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ইরান, ইরাক, ভারত, তাজিকিস্তান, ফিলিপাইন, চীন, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, বাংলাদেশসহ ২৬টি দেশের। সব দেশই এলে এটি হবে বাংলাদেশে অংশ নেওয়া দেশের সংখ্যার হিসাবে সবচেয়ে বড় আসর।২৩ জুলাই থেকে রেফারিজ কোর্স দিয়ে আয়োজন শুরু হয়ে যাচ্ছে এই কর্মযজ্ঞের। ৬৬টি দেশের অংশগ্রহণে ৩০ জুলাই কুস্তির বিশ্ব কংগ্রেস দিয়ে শেষ হবে ‘ঐতিহাসিক’ আয়োজন।কাল এ উপলক্ষে ডাকা সংবাদ সম্মেলনে কুস্তি ফেডারেশনের সভাপতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের কুস্তি আরও জনপ্রিয়তা লাভ করবে।’ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ানের কথা, ‘ইরানি কোচের আন্ডারে ভালো প্র্যাকটিস হইতাছে। আগের দুবার আমরা কিছুই করবার না পারলেও এবার ভালো কিছুর লক্ষ্য আছে।’তবে সেই ‘ভালো’র নির্দিষ্ট কোনো ধারণা দিতে পারেননি পালোয়ান। ১৮০ জন কুস্তিগির লড়বেন ৮টি সোনার জন্য, বাংলাদেশের কাছে এই প্রতিযোগিতায় অংশ নেওয়াই তো বড়। বাংলাদেশের প্রধান কোচ সাবেক কুস্তিগির আশরাফ আলী কাল বিকেলে দলের অনুশীলনের ফাঁকে বলছিলেন, ‘আমাদের রেজাল্ট কেমন হবে জানি না। তবে খেলার সুযোগটাকেই তো বড় পাওনা মানা উচিত।’১৯৮২ সালে স্থানীয় এক টুর্নামেন্টে ঢাকা মাতিয়ে গিয়েছিলেন পাকিস্তানি কুস্তিগির নাসের বুলু। আশির দশকের শেষ দিকে ঢাকায় আরেকটা টুর্নামেন্ট হলেও সেটি জমেনি। তারপর দীর্ঘ বিরতি দিয়ে কুস্তির এই আয়োজন।ইরানের টুর্নামেন্ট। তাই শর্টস নয়, কুস্তিগিরদের পোশাক থাকছে থ্রি কোয়ার্টার ট্রাউজার। প্রথাগত প্রতিযোগিতার বাইরে গদা নাচানোসহ শারীরিক প্রদর্শনীও থাকছে।