ঢাকায় খেলতে এসে এমন দুর্ঘটনা!
কত স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছেন জাতীয় যুব হকি খেলতে। উল্টো ঢাকা থেকে ফিরতে হচ্ছে ভাঙা পা নিয়ে। মওলানা ভাসানী স্টেডিয়ামে চলমান জাতীয় যুব হকিতে রাজশাহী জেলা দলের ডিফেন্ডার শাকিল কাল গুরুতর আহত হয়েছেন।পায়ের ওপর বেসিন ভেঙে পড়েছে এই তরুণের। স্টেডিয়ামের নিচতলার ড্রেসিংরুমের পাশে বাথরুমে গোসল সেরে বেরোচ্ছিলেন, এমন সময় নড়বড়ে বেসিন ভেঙে পড়ে শাকিলের পায়ের ওপর। এতে গোড়ালি কেটে যায় তাঁর, সঙ্গে সঙ্গে গন্তব্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। পায়ের শিরায় বেশ চোট লেগেছে, গোড়ালিতে দিতে হয়েছে সাতটি সেলাই। চিকিৎসকেরা জানিয়েছেন, আগামী ছয় মাস মাঠে নামতে পারবেন না শাকিল।ওদিকে জাতীয় যুব হকির সুপার লিগে উঠেছে আটটি দল। এর মধ্যে জেলা ছয়টি—রাজশাহী, ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, জয়পুরহাট, দিনাজপুর। একমাত্র বিভাগ রাজশাহী ও বিকেএসপি। মওলানা ভাসানী স্টেডিয়ামে সুপার লিগ শুরু আগামীকাল।গ্রুপ পর্বে কাল রাজশাহী বিভাগ ৭-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম বিভাগকে। দুটি করে গোল করে বড় অবদান রেখেছেন নাসির ও আহসান। মাঈনুলের চার গোলে ফরিদপুর ৪-১ গোলে হারিয়েছে ময়মনসিংহকে। চট্টগ্রাম জেলা ১০-১ গোলে উড়িয়ে দিয়েছে নড়াইলকে। নিজাম, শহীদুল ও রায়হান করেছেন তিনটি করে গোল। গাজীপুরকে ১২-০ গোলে বিধ্বস্ত করেছে রাজশাহী। চারটি করে গোল মোস্তাফিজুর ও ঈশার।