ঢাকায় গর্বিত এক ব্রিটিশ বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের তৃতীয় তলায় বসে খেলা দেখছিলেন ফুটবলের নতুন কোচ রবার্ট রুবচিচ। দুই সঙ্গীকে নিয়ে প্রেস বক্সের পাশেই বসেছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ কার্লোভিচ। কিন্তু হঠাৎই সরগরম হয়ে উঠল নিচতলার ভিআইপি গ্যালারি। সেখানে বসেই যে গ্রামীণফোন ফেডারেশন কাপে চট্টগ্রাম আবাহনী-পুলিশের ম্যাচটি দেখছিলেন এক ইংলিশ। শ্বেতবর্ণের ব্রিটিশ নাগরিক বাংলাদেশের নাগরিকদের কাছে ভিনগ্রহের বাসিন্দা নন। কিন্তু এই ভদ্রলোকের নামের সঙ্গে যুক্ত বেকহাম পদবিটাই টানল সবাইকে। খুলেই বলা যাক, ইনি টেড বেকহাম, বিশ্ব ফুটবলের মহাতারকা ডেভিড বেকহামের বাবা।ডেভিড বেকহামেরই আসার কথা ছিল ঢাকায়। কিন্তু সাবেক ইংল্যান্ড অধিনায়ক তাঁর একাডেমির দায়িত্বে থাকা বাবাকেই পাঠিয়েছেন বাংলাদেশে। সিনিয়র বেকহামের এই আগমনের উপলক্ষ, ক্যানারি ওয়ার্ফ ইউকে-বাংলাদেশ যুব ফুটবলের একাডেমির কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে যোগ দেওয়া। কিন্তু ঢাকায় পা রেখেই যানজটে আটকা পড়ে যান ৫৯ বছর বয়সী ইংলিশ। যখন ফুটবল দেখতে এলেন ততক্ষণে প্রথমার্ধের খেলা শেষ। তবে যে অনুভূতি ব্যক্ত করলেন, তাতে বাংলাদেশ-দরদিই বলতে হচ্ছে তাঁকে, ‘এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে!’ইংল্যান্ডে গ্যালারি-ভর্তি দর্শক দেখে অভ্যস্ত। কিন্তু ফেডারেশন কাপে বিনা টিকিটের ম্যাচও গ্যালারিকে উপহার দিল শূন্যতা। সিনিয়র বেকহামের কাছে এটি অবশ্য গুরুত্ব পেল না, ‘দর্শক বড় কথা নয়, খেলাটাই বড় কথা। আমি খেলা উপভোগ করেছি।’বেকহাম বাংলাদেশে ভীষণ জনপ্রিয় শুনে তাঁর মুখে ফুটে উঠল এক গর্বিত বাবার নীরব অহংকার, ‘ও আমারও অনেক প্রিয়। আমার কাছে সবচেয়ে বড় ফুটবল হিরোই ডেভিড।’ বেকহামের ছেলে ব্রুকলিনও কি হবে বাবার মতো ফুটবলার? ‘ও ফুটবলার হবে না অ্যাথলেট হবে, সেই সিদ্ধান্ত ওই নেবে। আমরা ওকে কিছু চাপিয়ে দিই না’—এই ‘দাদা’কে বাংলাদেশের বাস্তবতায় মেলাতে যাবেন না।চার বছর আগে বাংলাদেশে ক্যানারি ওয়ার্ফ ফুটবল একাডেমির যে যাত্রা শুরু হয়েছিল সেখান থেকে বাছাই করা ২৩ জন ফুটবলার ২০০৮ সালে লন্ডনের ডেভিড বেকহাম ফুটবল একাডেমিতে মাসখানেকের প্রশিক্ষণ নিয়েছে। সেখানেই বাংলাদেশের কিশোর ফুটবলারদের সঙ্গে পরিচয় হয়েছিল টেড বেকহামের। বাংলাদেশে এসে এখন দেখার অপেক্ষায় রয়েছেন সেই কিশোররা কতটা ‘ফুটবলার’ হয়ে উঠল!