ঢাকায় চার জাতি সাঁতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ গেমস এবং ইন্দো-বাংলা গেমসের বাইরে আর কোনো আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা এর আগে ঢাকায় হয়নি। প্রথমবারের মতো নতুন একটি আমন্ত্রণমূলক আন্তর্জাতিক সাঁতারের আয়োজন করতে যাচ্ছে সাঁতার ফেডারেশন। মালদ্বীপ, নেপাল, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্টটি ঢাকায় হতে পারে আগামী মাসের শেষ সপ্তাহে।ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান (শাহীন) জানিয়েছেন, ‘ঢাকায় এমন একটি টুর্নামেন্ট করার পরিকল্পনা অনেক আগেই নিয়েছিলাম। তবে আর্থিক ব্যাপারে নিশ্চয়তা না পাওয়ায় সিদ্ধান্ত নিতে পারছিলাম না। এরই মধ্যে বেশ কিছু পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে কথাও হয়েছে আমাদের। এবার টুর্নামেন্ট করতে পারব আশা করি।’ টুর্নামেন্টে মিয়ানমারকেও আমন্ত্রণ জানানোর কথা ছিল। কিন্তু সমুদ্রসীমা নিয়ে সামপ্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে তাদের কাছে আমন্ত্রণ জানানো হয়নি। আফগানিস্তান বাংলাদেশে খেলতে আসার ব্যাপারে এরই মধ্যে সম্মতিও জানিয়েছে। দক্ষিণ এশিয়ার সাঁতারে সবচেয়ে শক্তিশালী ভারত ও শ্রীলঙ্কার সাঁতারু থাকলে টুর্নামেন্টটা আরও আকর্ষণীয় হতো। কিন্তু এই দুটি দেশকে আমন্ত্রণই জানায়নি ফেডারেশন! এ ব্যাপারে মাহবুবুর রহমানের ব্যাখ্যা, ‘ভারতের সাঁতারুদের আবাসন ও অন্যান্য সুবিধা অন্যদের চেয়ে অনেক বেশি দিতে হবে। আমাদের তেমন আর্থিক সংগতি নেই। তাই ভারতকে আমন্ত্রণ জানাচ্ছি না।’