ঢাকায় নির্ভার প্রোটিয়ারা
ইয়োহান বোথা তাঁর এক সতীর্থের সঙ্গে দুষ্টুমি করছেন। করতেই পারেন। কিন্তু কোথায়? কাল রাত সাড়ে আটটা নাগাদ শেরাটন হোটেলের মূল ফটকে!মাত্রই দক্ষিণ আফ্রিকা দল হোটেলে এসে ঢুকল। বোথা ভেতরে গিয়ে আবার এগিয়ে এসেছেন গেটের সামনে। ততক্ষণে গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিসরা লিফটের গোড়ায় চলে গিয়েছেন। কী মনে করে যেন বোথা গেটের কাছে ফিরে এলেন। এটা গোটা দক্ষিণ আফ্রিকা দলেরই প্রতীকী ছবি।কয়েক দিন আগের এমন এক সন্ধ্যার চেয়ে এই সন্ধ্যাটা বেশ আলাদা। ওয়েস্ট ইন্ডিজ দল ঢাকায় এসে আত্মমগ্ন হয়ে পড়েছিল। খেলোয়াড়দের মুখে হাসিটাসি তেমন দেখা যায়নি। কাল দক্ষিণ আফ্রিকা দলও হোটেলে ঢুকেই চলে গেল রুমে, কিন্তু স্মিথদের শরীরের ভাষা জানাল, ‘আমরা নির্ভার।’হোটেলে ঢোকার মুখেই সবার হাতে একটা করে ফুলের গুচ্ছ। খেলোয়াড়েরা মুখে হাসি ছড়িয়ে ‘থ্যাংক ইউ’, ‘থ্যাংক ইউ’ বলে ভেতরে এলেন। ক্যালিসকে দেখা গেল ফুলের সুবাস নিচ্ছেন। স্মিথও অনেকটা তা-ই। দু-তিনজনের কানে ইয়ার ফোন। সবাই গান না শুনলেও ফুরফুরে একটা মেজাজেই পা রাখলেন ঢাকায় নিজেদের শেষ গ্রুপ ম্যাচটা খেলতে।ক্রিকেটারদের লম্বা সারির মধ্যে থাকল অনেকের স্ত্রী-বান্ধবী। হাশিম আমলাকে চোখে পড়ল আলাদা করে। ভারতীয় বংশোদ্ভূত এই ব্যাটসম্যানের সঙ্গে বোরকা পরা মহিলা কে? আপাদমস্তক ঢাকা মহিলা দ্রুত হেঁটে গেলেন আমলার সঙ্গে। হোটেলে ঢোকার সময় শুভেচ্ছার জবাব দিলেন মুসলিম রীতিতে।আগের রাতে কলকাতায় আয়ারল্যান্ডকে হারিয়ে যাবতীয় চাপ আপাতত গঙ্গায় ডুবিয়ে এসেছেন স্মিথরা। ‘বি’ গ্রুপ থেকে সবার আগে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। তাই আগামী পরশু মিরপুরে বাংলাদেশের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে চাপমুক্ত থাকতে পারছে। সেটিরই একটা প্রতিচ্ছবি হয়ে রইল বিশ্বকাপ আবাসস্থলে পা দেওয়ার আগ মুহূর্তটা।সেই সুবাদে হোটেলের চিত্রটা গেল বদলে। ফটো সাংবাদিকদের মুহুর্মুহু ক্যামেরার ফ্ল্যাশ জ্বলল। ডুমিনি, মরনে মরকেলরা হাত নেড়ে শুভেচ্ছাও জানালেন। হুড়োহুড়ি করে ছবি তুললেন ফটো সাংবাদিকেরা।বাংলাদেশ দলের ক্রিকেটাররা একটু আগেই হোটেলের বাইরে গেলেন একসঙ্গে ডিনার করতে। একই হোটেল আবাস হওয়ায় হোটেলে ফেরার পর দক্ষিণ আফ্রিকানদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে সাকিবদের। স্মিথ এবং দল কি এ কথাই বলবে, ‘আমরা ফুরফুরে মেজাজে থাকলেও মাঠে কিন্তু এই রূপটা থাকবে না!’