ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে এশিয়া কাপ হকি শুরু হবে ১৪ অক্টোবর থেকে। আট জাতির এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য জুনের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। এই অনুশীলনের পাশাপাশি ভারতে কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা ভাবছে ফেডারেশন। আবার আগস্টে ঢাকায় একটি পাঁচ জাতি হকি টুর্নামেন্ট করার পরিকল্পনাও আছে। কাল জাতীয় দল সমন্বয় কমিটির প্রধান মাহবুব এহসান রানা জানালেন, ‘আমরা এশিয়া কাপের আগে পাঁচ জাতি টুর্নামেন্ট করতে চাই। শ্রীলঙ্কা, পাকিস্তান, মিসর, স্কটল্যান্ড ও ভারতকে নিয়ে এটি হতে পারে। তবে এর জন্য সবার আগে ফেডারেশনের সহযোগিতা চাই।’
বাস্তবতা হচ্ছে, এশিয়া কাপে ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়ার মতো দলকে হারানোর স্বপ্ন দেখাও কঠিন জিমি-চয়নদের জন্য। গত মার্চে ওমানের কাছেই তো ঘরের মাঠে হারতে হয়েছে বিশ্ব হকি লিগে! তবে প্রস্তুতিতে কমতি রাখতে চায় না ফেডারেশন।
হকি কোচ অলিভার কার্টজ গত মার্চের পর থেকেই অলস বসে আছেন। সম্প্রতি বেতন নিয়ে ঝামেলা হওয়ায় ক্যাম্পে যোগ দেওয়ার ব্যাপারেও নাকি অনাগ্রহ দেখিয়েছেন। ফেডারেশন সূত্রে জানা গেছে, গত দুই মাস বেতন আটকে আছে কোচের। স্পনসর প্রতিষ্ঠান ইনডেক্স গ্রুপ বেতন না দেওয়ায় কোচ অসন্তুষ্ট।
ফেডারেশন কার্টজকে শিগগিরই খেলোয়াড়দের নিয়ে অনুশীলন শুরু করতে বলেছে। রমজান মাসে আপাতত এক বেলা অনুশীলন হবে। এ মুহূর্তে জাতীয় দলের সাত খেলোয়াড় চয়ন, অসীম, আশরাফুল, রানা, পিন্টু, তাপস ও কৃষ্ণকে ছাড়াই শুরু হবে ক্যাম্প। এঁরা এখন ইউরোপে লিগ খেলছেন। আগামী মঙ্গলবার জিমিও যাচ্ছেন জার্মানিতে। ইউরোপের লিগ শেষে ৩০ জুন সবার যোগ দেওয়ার কথা ক্যাম্পে।