ঢাকায় প্রথম আন্তর্জাতিক জিমন্যাস্টিকস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের মুশফিকা ও কিশোরগঞ্জের ফারজানাকে নিয়ে দারুণ ব্যস্ত কোচ কাজী আকরাম আলী। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের ভল্টিং টেবিলে লাফাচ্ছেন দুই কিশোরী। পাশেই যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি জিমন্যাস্ট সাইক সিজারকে নিয়ে বাবা সিজার আহমেদ দাঁড়িয়ে। অনুশীলন কোর্টে নামার জন্য প্রস্তুত হচ্ছিলেন সিজার। দুই হাতে একগাদা ব্যানার—ব্যস্ত হয়ে ঘোরাঘুরি করতে দেখা গেল ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমানকে। রাত পোহালেই আজ শুরু হচ্ছে সুলতানা কামাল চতুর্থ দক্ষিণ এশীয় আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ। সবাই ব্যস্ত তাই শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে।বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম কোনো আন্তর্জাতিক জিমন্যাস্টিক প্রতিযোগিতা। তিন দিনের কোটি টাকার এই আসরে থাকছেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, উজবেকিস্তান ও বাংলাদেশের ৩২ জন পুরুষ ও ২৪ জন মহিলা জিমন্যাস্ট। কিন্তু এত বড় টুর্নামেন্টের জন্য যেন এখনো ভালোমতো প্রস্তুত হয়ে উঠতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশন থেকে অনুদান হিসেবে বাংলাদেশ পাচ্ছে এক লাখ ২০ হাজার ইউরোর (এক কোটি ২৮ লাখ টাকা) সরঞ্জাম। দুই ভাগে এগুলো দেশে আসার কথা। কিন্তু বিমানবন্দর থেকে কিছু সরঞ্জাম ছাড়িয়ে আনা হলেও চট্টগ্রাম বন্দর থেকে একটা বড় অংশ কাল রাত পর্যন্ত স্টেডিয়ামে পৌঁছায়নি।সাধারণ সম্পাদক আহমেদুর রহমান জানালেন, ‘কিছু সরঞ্জাম পথে আছে। আশা করি, আজ (কাল) রাতেই এখানে পৌঁছে যাবে। আমরা সারা রাত কাজ করে এটি লাগিয়ে ফেলব।’ অথচ সরঞ্জামগুলো গত ১০ দিন পড়ে ছিল চট্টগ্রাম বন্দরে! কেন এগুলো আরও আগে আনার ব্যবস্থা করা হলো না? আহমেদুর রহমানের জবাব, ‘প্রথমবারের মতো আমরা এমন আয়োজন করছি। এই অভিজ্ঞতা আগে ছিল না। ভেবেছিলাম, সরঞ্জামগুলো ছাড়াতে অনেক বেশি রাজস্ব লাগবে। কিন্তু পরে জানলাম, এটা মাত্র দুই-আড়াই লাখ টাকার ব্যাপার। কিন্তু এখন তো আর কিছু করার নেই। আরও আগেই আমরা এটি ছাড়িয়ে আনতে পারতাম। আমাদের একটু ভুল হয়ে গেছে।’পমেল হর্স, রিংস, হরাইজন্টাল বার, ভল্ট, ব্যালেন্স বিম, ফ্লোর ও আন ইভেন বার, প্যারালাল বার—এই ইভেন্টগুলোতে খেলা হবে। প্যারালাল বারে পাকিস্তানের চ্যাম্পিয়ন সৈয়দ সাইফউদ্দিন মনোযোগ দিয়ে দেখছিলেন ভারত দলের প্রস্তুতি। জানালেন, ‘বাংলাদেশের মতোই পাকিস্তানে জিমন্যাস্টিকস অপ্রচলিত খেলা। সরঞ্জামের অপ্রতুলতা সত্ত্বেও আশা করি, আমরা এখানে ভালোই করব।’ ভারতের কোচ বিশ্বেশ্বর নন্দী খুবই আশাবাদী তাঁর দল নিয়ে। ত্রিপুরার এই ভদ্রলোক এক বছর ধরে ভারতীয় দলের দায়িত্বে। বললেন, ‘আমাদের দলে রয়েছে দীপা কর্মকারের মতো জিমন্যাস্ট। টোকিওতে গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ও খুবই ভালো করেছে। আমরা প্রায় দেড় মাস ধরে অনুশীলন করছি। এখন মাঠেই দেখা যাবে কারা ভালো করে।’বাংলাদেশের সাইক সিজার সম্পর্কে বললেন, ‘এখানকার পত্রিকায় দেখেছি, ও নাকি তিনটা সোনা জিতবে।’ সিজারের সোনা জয়ের প্রত্যাশায় বাংলাদেশও।