ঢাকায় ফিরতে হচ্ছে রুবেলকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিকভাবে মনে হয়েছিল, রুবেল হোসেনের চোটটা বড় দুশ্চিন্তা নিয়েই এল। পরে ব্যথা ও ফোলা কমে যাওয়ায় কিছুটা নিশ্চিন্ত হওয়া যাচ্ছে। তবে একটা ব্যাপার নিশ্চিত, চট্টগ্রাম টেস্টে আর খেলা হচ্ছে না রুবেল হোসেনের। দ্বিতীয় ইনিংসে করতে পারবেন না ব্যাটিংও। চিকিৎসার জন্য ঢাকা ফিরে যাবেন আজই।কাল শাহাদাত হোসেনের বলে ইউনুস খানের একটা বাউন্ডারি ঠেকাতে ডাইভ দিয়েছিলেন রুবেল। ডান কাঁধে চোটটা পান তাতেই। সঙ্গে সঙ্গে উঠে যান মাঠ থেকে। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীর ধারণা, চোটটা কাঁধের লিগামেন্টে। ঢাকায় নিয়ে এমআরআই করানোর পর বোঝা যাবে আসল পরিস্থিতি। তবে চোট লাগার পরপর রুবেল যা বলেছেন, তাতে কিছুটা চিন্তিত দেবাশিস, ‘এমনিতে বড় কোনো সমস্যা মনে হচ্ছে না। তবে রুবেলের নাকি ওই সময়ে মনে হয়েছে, কাঁধের হাড় একবার সরে গিয়ে আবার জায়গামতো এসে গেছে। এটা হলে লম্বা সময়ের জন্য বাইরে চলে যেতে হতে পারে তাকে।’কাল রাতে টেলিফোনে রুবেলও বলেছেন, ‘জায়গাটা ফুলে গেছে, ব্যথাও আছে।’ একাডেমিতে থাকা অবস্থায় অ্যাঙ্কেলের চোটের কারণে দুই মাস মাঠের বাইরে ছিলেন। তবে জাতীয় দলে আসার পর তেমন কোনো বড় চোটে পড়েননি রুবেল।