ঢাকায় বসছে আর্চারি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দম ফেলার ফুরসত নেই আর্চারদের। দুই মাস ধরে টঙ্গীর আহসানউল্লাহ স্টেডিয়ামে তামিমুল-শ্যামলীরা অনুশীলন চালিয়ে যাচ্ছেন। উদ্দেশ্য দুদিন পর শুরু হতে যাওয়া আর্চারির মহাযজ্ঞে ভালো কিছু করা। এর আগে যে এত বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট কখনোই হয়নি বাংলাদেশে। স্বাগতিক বাংলাদেশসহ ১৭টি দেশ নিয়ে আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপ হচ্ছে ঢাকায়। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রতিযোগিতা চলবে ২৭-৩০ জানুয়ারি।
ঢাকায় ২০০৬ সালে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ হয়েছিল। ২০০৯ ও ২০১১ সালে হয়েছিল গ্রাঁ প্রি। বিকেএসপিতে গ্রাঁ প্রিতে খেলেছে ১০টি দেশ। পরেরবার আর্মি স্টেডিয়ামে গ্রাঁ প্রিতে ১৫টি দেশ। এবার দুটি দেশ বেশি। আসছে আজারবাইজান, পাকিস্তান, ইরাক, ইরান, উগান্ডা, সৌদি আরব, সুদান, সিরিয়া, ইয়েমেন, মৌরিতানিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, মরক্কো, নেপাল, ভুটান ও স্বাগতিক বাংলাদেশ। মালয়েশিয়া, ইরাক, ইরান শক্তিশালী জাতীয় দল পাঠাবে বলে আশা করা হচ্ছে।
রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগে একক, দলগত ও মিশ্র ইভেন্টে ৯টি সোনার জন্য লড়বেন আর্চাররা। মুসলিম দেশগুলোতে আর্চারি ছড়িয়ে দিতেই মূলত এমন আয়োজন করছে আইএসএসএফ (ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশন)। যদিও ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানকেও আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। অভ্যন্তরীণ সমস্যার জন্য দল পাঠায়নি ভারত। শ্রীলঙ্কা সরকারি অনুমতি না পাওয়ায় আসছে না।
দেশের মাটিতে বড় প্রতিযোগিতা, অথচ ইমদাদুল হক মিলন, শেখ সজীব—অভিজ্ঞ দুই আর্চারকে ছাড়াই খেলবে বাংলাদেশ। তবে দল নিয়ে ফেডারেশনের সহসভাপতি আনিসুর রহমান জানিয়েছেন, ‘কয়েক ধাপের বাছাইয়ের পর যাদের স্কোর ভালো ছিল তারাই সুযোগ পেয়েছে।’ কাল সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের কর্মকর্তা আবদুল মাবুদ।
বাংলাদেশ দল: রোমান সানা, দুরুল হুদা, সানোয়ার হোসেন, তামিমুল ইসলাম, আবুল কাশেম, রামকৃষ্ণ, নাজমুল হুদা, মিলন মোল্লা, বিউটি রায়, শ্যামলী রায়, রাবেয়া আক্তার, হীরা মনি, সুস্মিতা বণিক, বন্যা আক্তার, বিপাশা আক্তার, রোকসানা আক্তার।