ঢাকায় বাস্কেটবল উৎসব শুরু
‘কন্যা নাচিল রে, কন্যা নাচিল রে, নাচিল নাচিল কন্যা রুমঝুম পায়...’ গানের সঙ্গে নাচল সাউথ ব্রিজ স্কুলের ছাত্রী লিউনা সারাহ। সিটিসেল ‘থ্রি অন থ্রি’ দক্ষিণ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠান শেষেও কোর্টে বাজতে থাকল গান। তবে লোকগান নয়, এবার ডিজের সঙ্গে তাল মিলিয়ে ইংলিশ গান। গানের সঙ্গেই চলল খেলা। এবং খেলায় শুভ সূচনা বাংলাদেশের। ধানমন্ডি উডেনফ্লোর জিমনেসিয়ামে ‘থ্রি অন থ্রি’ বাস্কেটবলে প্রথম দিনে ভুটান, শ্রীলঙ্কা ও নেপালকে হারিয়েছে স্বাগতিক দল।
আধুনিক বাস্কেটবলে জনপ্রিয় এই ফরম্যাটকে বাংলাদেশ অধিনায়ক রাশেদুজ্জামান বলছেন, ‘ফানিগেম। দেখেও মজা, খেলেও মজা।’ খেলা হয় অর্ধেক কোর্টে, চারজনের দলে খেলেন তিনজন। সাধারণ বাস্কেটবলের ব্যাপ্তি ৪০ মিনিট, ‘থ্রি অন থ্রি’তে ১০ মিনিট। এর মধ্যে ৩০ সেকেন্ড করে দুবার টাইম আউট। তবে ১০ মিনিটের আগেই কোনো দলের ২১ পয়েন্ট হয়ে গেলে ওই দলকে জয়ী ঘোষণা করে খেলা শেষ। নির্ধারিত সময়ে দুই দলের সমান পয়েন্ট হলে, সবার আগে যারা দুই পয়েন্টে এগিয়ে যাবে তারাই জয়ী।
ঢাকায় কাল শুরু হওয়া প্রতিযোগিতায় খেলার কথা থাকলেও আসেনি ভারত। তবে মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান ও নেপাল এসেছে। ভারত নেই বলেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দেখছেন বাংলাদেশ অধিনায়ক, ‘ভারত থাকলে লড়াইটা কঠিন হতো। অন্য দলগুলোও যথেষ্ট শক্তিশালী। তার পরও আমরা চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী।’