
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অফিসকক্ষে বড় একটা ফুলের তোড়া। কলকাতার আইএফএ শিল্ডে মনকাড়া ফুটবল খেলার স্বীকৃতি হিসেবে ওটা পাঠিয়েছে বাফুফে। আরও অনেকে প্রতিষ্ঠান ও ব্যক্তি জানিয়েছে অভিনন্দন। সেই সুখানুভূতির সঙ্গে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে মিশে আছে বিরাট অতৃপ্তি—ফাইনালে জেতার মতো খেলেও টাইব্রেকারে হেরে যাওয়ায় শিল্ড জেতা হলো না।
ওই আফসোস সঙ্গী করেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে এক মাস পর মাঠে নামছে আজ শেখ জামাল। আইএফএ শিল্ডে যাওয়ার আগে লিগের প্রথম পর্বে তাদের ম্যাচ বাকি ছিল চারটি। প্রথম ম্যাচ আজ বিজেএমসির বিপক্ষে। বাকি তিনটি ২৫, ২৮ ফেব্রুয়ারি ও ১০ মার্চ ঢাকা আবাহনী, শেখ রাসেল এবং উত্তর বারিধারার সঙ্গে।
ঢাকায় যে ফুটবল খেলে শেখ জামাল, তার চেয়ে অনেক ভালো খেলেছে কলকাতায়। রহস্যটা কী? ঢাকায় কেন অমন ফুটবল খেলতে পারে না শেখ জামাল? কাল অনুশীলন শেষে শেখ জামাল কোচ যোসেফ আপুসি কারণটা বললেন, ‘ঢাকায় অনেক দলই অযথা সময় নষ্ট করে। অনেকে খেলে ১ পয়েন্টের জন্য। মোহামেডানের মতো দল আমাদের বিপক্ষে ৪০ মিনিটেরও বেশি সময় নষ্ট করল ম্যাচে। এভাবে একটা দল সময়ক্ষেপণ করলে ভালো ফুটবল খেলা প্রায় অসম্ভব। যে কেউ ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মোহামেডান কীভাবে খেলার সৌন্দর্য নষ্ট করেছে।’
কলকাতায় খেলতে হয়েছে টার্ফে, ঢাকায় ঘাসের মাঠ। টার্ফে খেলা কি তুলনামূলক সহজ? আপুসি ঘাসের মাঠকেই রাখছেন এগিয়ে। তিনি সমস্যাটা দেখেন অন্যখানে, ‘কলকাতা ইস্ট বেঙ্গলের কথাই ধরুন। ওরা আমাদের কাছে ৩ গোলে হজম করলেও ভালো ফুটবল খেলতে নেমেছিল, গোল করতে চেয়েছে এবং জিততে চেয়েছে। আমি ঢাকার কোনো দলের বিরুদ্ধে অভিযোগ করছি না, সামগ্রিকভাবে বলছি, এখানে নেতিবাচক মানসিকতা আছে। ওটা থাকলে তো আমাদের পক্ষে মনকাড়া ফুটবল দেখানো অসম্ভব।’
কলকাতার মাঠে অনেক দর্শক ছিল। ভালো খেলতে যা উজ্জীবিত করেছে দলগুলোকে। এটাও বিশেষভাবে মনে করিয়ে দিয়েছেন আপুসি, ‘নজরকাড়া ফুটবল খেলতে মাঠের পরিবেশও অন্যতম নিয়ামক। কলকাতায় সেই পরিবেশটা পাওয়া গেছে। তেমনটা ঢাকায় পাওয়া গেলে আমার খেলোয়াড়েরা কলকাতায় খেলে আসা ফুটবল অবশ্যই ঢাকার মাঠেও দেখাবে।’
ঢাকার মাঠে এখন যাঁর ওপর চোখ, শেখ জামালের সেই হাইতিয়ান ফরোয়ার্ড সনি নর্দের চোখে ঢাকার ফুটবলের বড় সমস্যাটা হলো, ‘এখানে মাঠ ছোট। ১১ জন রক্ষণে নেমে খেললে ভালো খেলার জায়গা বের করা কঠিন। কলকাতায় এই সমস্যাটা ছিল না। সবাই জেতার জন্য অলআউট খেলেছে। আমরা তাই ভালো খেলার সুযোগ পেয়েছি।’