ঢাকায় শেষ ম্যাচ খেললেন নর্দে
গত এপ্রিলে ট্রায়াল দিয়ে এসেছেন বেলজিয়ামে।ঢাকায় ফিরেই বলেছিলেন, প্রথম পছন্দ অবশ্যই শেখ জামাল ধানমন্ডি ক্লাব।কিন্তু শেষ পর্যন্ত শেখ জামালের সঙ্গে সব সম্পর্ক চুকিয়েই ফেললেন সনি নর্দে। ঢাকার মাঠে গতকাল খেলে ফেললেন নিজের শেষ ম্যাচ। তবে শেখ জামালকে চ্যাম্পিয়ন করেই ফিরে যাচ্ছেন হাইতিতে। ২১ জুলাই দেশের বিমানে উঠবেন, তাই লিগের বাকি দুই ম্যাচ আর খেলা হচ্ছে না।
সে অর্থে কাল বিদায়ই নিলেন বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে। ম্যাচ শেষে বললেন, ‘বাংলাদেশে খেলতে পেরে আমি খুবই খুশি। শেখ জামালের হয়ে দুইটা ট্রফি জিতেছি। আরও কয়েকটা ট্রফি হাতছাড়া হয়েছে। সব কটি জিতলে বেশি ভালো লাগত।’
শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে প্রথম ঢাকার মাঠে নেমেছিলেন নর্দে। গত মৌসুমে শেখ রাসেলের ট্রেবল জয়ে বড় অবদান রাখেন এই হাইতিয়ান প্লে মেকার। দারুণ গতি, ড্রিবলিং, গোলের রাস্তা চেনা—সব মিলিয়ে শেখ রাসেলের জার্সিতে সহজেই নজর কাড়েন সবার। অনেকের মতে, গত ১০-১২ বছরে ঢাকার মাঠে সেরা বিদেশি। সেই নর্দে শেখ রাসেল ছেড়ে রেকর্ড ৭৩ হাজার ডলার পারিশ্রমিকে যোগ দেন শেখ জামালে। এবারও উজ্জ্বল। নর্দের নৈপুণ্যে সম্প্রতি কলকাতায় আইএফএ শিল্ড মাতিয়ে এসেছিল শেখ জামাল। কলকাতার ক্লাবসহ ভারতের আরও দু-একটি ক্লাবের চোখ পড়ে তাঁর ওপর। কিন্তু কলকাতা নয়, শেষ পর্যন্ত বেলজিয়ামেই খেলতে যাচ্ছেন বলে জানালেন নর্দে, ‘বেলজিয়ামের প্রথম বিভাগের দল ওসটেন্ডের সঙ্গে আমার তিন বছরের চুক্তি হয়ে গেছে।’
বাংলাদেশের দর্শকদের কখনোই ভুলবেন না। বিদায় বেলায় বারবারই বলে গেলেন, ‘বাংলাদেশে দারুণ উপভোগ করেছি। এখানকার অনেক দর্শকের সঙ্গে ফেসবুকে, মোবাইলে নিয়মিত কথা হয়। সবাই আমাকে থাকতে অনুরোধ করেছিল। কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন ইউরোপে খেলব, তাই চলে যাচ্ছি। তবে এ দেশের দর্শকের ভালোবাসা ভুলব না।’
বেলজিয়ামের ক্লাব থেকে কত পারিশ্রমিক পাচ্ছেন? হেসে উত্তর, ‘ওটা বলতে চাই না। তবে বাংলাদেশের চেয়ে অবশ্যই বেশি।’