ঢাকায় শ্রীলঙ্কা

বিশাল সব লাগেজ নিয়ে ট্রলি ঠেলে বেরিয়ে আসছেন ক্রিকেটাররা, জ্বলে উঠছে ক্যামেরার ফ্ল্যাশ, ফুটেজ পেতে টিভি ক্যামেরাম্যানদের হুড়োহুড়ি—বিদেশি দলগুলোর আগমনে বিমানবন্দরের এই ছবিটাই যেন চিরন্তন।
কাল দেখা গেল ভিন্ন চিত্র। বেলা সোয়া ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এরপর লাগেজের অপেক্ষা না করে হ্যান্ডব্যাগ নিয়ে সবাই দ্রুত উঠে গেলেন অপেক্ষমাণ বাসে। নেই সংবাদকর্মীদের ভিড়, বিসিবি যে মানা করে দিয়েছিল আগেই। সফরের শুরুতেই বিসিবির নেওয়া নিরাপত্তা পরিকল্পনার খানিকটা ছোঁয়া পেয়ে গেল লঙ্কানরা। আসছে এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতেও বিমানবন্দরে থাকবে একই ব্যবস্থা।
টিম হোটেলের নিরাপত্তা অবশ্য বরাবরে মতোই ছিল, বাড়তি কিছু চোখে পড়েনি। তবে ‘ছায়া নিরাপত্তা’ ঠিকই আছে, লক্ষ রাখা হচ্ছে আড়াল থেকে। নিরাপত্তার জন্য তো বদলে গেছে টিম হোটেলই! বরাবরের মতো শহরের মাঝের সোনারগাঁও বা রূপসী বাংলা নয়, দুই দলকেই রাখা হয়েছে বিমানবন্দরের কাছে হোটেল র্যাডিসনে। নিরাপত্তার স্বার্থেই হোটেল থেকে ক্যান্টনমেন্টের ভেতরের পথ দিয়ে স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে দুই দলকে।
লঙ্কান ক্রিকেটারদের একজন-দুজন করে হোটেলের বাইরে যেতেও মানা। বাইরে যেতে হলে ৫-৭ জন একত্র হয়ে আগে থেকেই জানাতে হবে বিসিবির নিরাপত্তা দলকে। নির্বাচন-পূর্ববর্তী রাজনৈতিক অস্থিরতা বন্ধ হয়ে গেলেও নিরাপত্তায় কোনো ফাঁক রাখতে চাইছে না বিসিবি। আজই অনুশীলনে নামছে লঙ্কানরা।