ঢাকায় শ্রীলঙ্কার প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এটিকে নিরাপত্তা পরিদর্শক দল বলতে নারাজ। তিনি বলতে চান ‘উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।’ তবে নাম যা-ই হোক, তাঁদের কাজ তো নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন আর আলোচনা করাই! কালই ঢাকায় পা রেখেছে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) দুই সদস্যের সেই দল। এসএলসি ভাইস প্রেসিডেন্ট মোহন ডি সিলভার সঙ্গে আছেন সাবেক প্রধান নির্বাহী অজিত জয়াসেকেরা, যিনি আবার লঙ্কান বিমানবাহিনীর এয়ার কমোডরও।

প্রতিনিধিদল কাল কথা বলেছেন স্থানীয় লঙ্কান হাইকমিশনারের সঙ্গে। আজ তাঁদের যাওয়ার কথা চট্টগ্রামে, কাল নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করবেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। শ্রীলঙ্কান বোর্ডপ্রধান শ্রীলঙ্কা দলের সফর মোটামুটি নিশ্চিত করে দেওয়ার পর শঙ্কার কালো মেঘ এমনিতেই অনেকটা কেটে গেছে। স্বস্তি হয়ে এসেছে আজ থেকে বিরোধী দলের অবরোধ তুলে নেওয়ার ঘোষণাও। তার পরও নিরাপত্তাব্যবস্থা থাকবে কঠোর।

শ্রীলঙ্কার প্রতিনিধিদলের প্রাথমিক পরিদর্শন তালিকায় সিলেট না থাকায় ধরে নেওয়া হচ্ছে ভেন্যু তালিকায়ও সিলেট নেই। তবে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী এখনই সেটি নিশ্চিত করে বলতে চান না, ‘ওনাদের সফরসূচিতে সিলেট নেই। তবে তাঁরা সিলেট যাবেন কি না, সেটি বোঝা যাবে আরও পরে।’

পরিদর্শন শেষে ১৬ জানুয়ারি মোহন ডি সিলভা দেশে ফিরে যাবেন। তবে আইসিসি নিরাপত্তা পরিদর্শক দলের অংশ হতে থেকে যাবেন জয়াসেকেরা।