ঢাকায় সস্ত্রীক ডি ক্রুইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাই হয়ে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন নামলেন লোডভিক ডি ক্রুইফ, তখন ঘড়ির কাঁটায় সন্ধ্যা ছয়টা। এবার অবশ্য একা আসেননি বাংলাদেশ ফুটবল দলের ডাচ কোচ, সঙ্গে নিয়ে এসেছেন স্ত্রী হের্ডিসিঙ্ককেও। সহকারী কোচ রেনে কোস্টারও এসেছেন স্ত্রী জানামিরকে নিয়ে।দুই ডাচ কোচের এবার ঢাকায় আসা মাত্রই কয়েক দিনের জন্য। ডি ক্রুইফ ফিরে যাবেন ১৪ এপ্রিল। রেনে কোস্টার তার তিন দিন আগে, ১১ এপ্রিল। জুনে পাকাপাকিভাবে দলের দায়িত্ব বুঝে নেওয়ার আগে তাঁরা এসেছেন আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেখতে।গত ৭ মার্চ এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্ব শেষে শাহজালাল বিমানবন্দর থেকেই হল্যান্ডের বিমান ধরেছিলেন কোচ ও তাঁর প্রধান সহকারী। বাংলাদেশ এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে খেলবে—এমন একটা স্বপ্ন নিয়েই হল্যান্ডে গিয়েছিলেন ডি ক্রুইফ। কিন্তু হল্যান্ডে বসেই শুনেছেন দুঃসংবাদ। এএফসির খামখেয়ালিপনার শিকার হয়ে সেই স্বপ্ন পূরণ হয়নি বাংলাদেশের। কাল বিমানবন্দরে এ নিয়ে হতাশা ব্যক্ত করলেন ডি ক্রুইফ, অলক্ষ্যে এএফসির বিরুদ্ধে ক্ষোভও ঝরল তাঁর কণ্ঠে, ‘আমাদের সেরা ফলটাই বাতিল হয়ে গেল। এটা মেনে নেওয়া যায় না। পাঁচ গ্রুপের দুটি কেন পরে খেলবে? বাছাই প্রক্রিয়ার এই পদ্ধতি মোটেও ঠিক নয়। এতে খেলার স্বচ্ছতা থাকে না। শুধু একটা দলের নাম প্রত্যাহারের কারণে পুরো বাছাইপর্বের সব দলকে ভুগতে হয়েছে। এটা মেনে নেওয়া যায় না।’তবে এএফসি চ্যালেঞ্জ কাপেই সব শেষ হয়ে গেছে মনে করছেন না কোচ। সেপ্টেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপকে দেখছেন আরেকটা সুযোগ হিসেবে। তার আগে জুনে ইংল্যান্ডে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি ফিফা-স্বীকৃত প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেসব নিয়েই ভাবছেন তিনি, ‘আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আগামী সেপ্টেম্বরের সাফ ফুটবল। এ নিয়েই আমি পরিকল্পনা করছি। মাথায় আছে জুনে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচও। সাফের জন্য ম্যাচ দুটি খুবই সহায়ক হবে। খুব তাড়াতাড়িই খেলোয়াড়দের নিয়ে বসব আমি।’তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে ঢাকায় ডি ক্রুইফের জীবন শুরু হবে জুন থেকে। ফুটবল দলের পূর্ণকালীন দায়িত্ব নিতে উন্মুখ কোচ, ‘আমার পরিবার এখানে আমার সঙ্গেই থাকবে। তাই আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা আগে দেখতে হবে। এখানে থিতু হয়েই কাজে মনোযোগ দেব।’