ঢাকায় সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ ম্যাচে ৩০ রান, ১ উইকেট। চ্যাম্পিয়নস লিগ খুব ভালো কাটেনি সাকিব আল হাসানের। কলকাতা নাইট রাইডার্সের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে যোগ দিতে কাল বিকেলে ঢাকায় ফিরে এসেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক।৫ অক্টোবর দ্বিতীয় পর্বের খেলা শেষে ৭ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের দুটি সেমিফাইনাল, ফাইনাল ৯ অক্টোবর। দেশে ফিরলেও দল সেমিফাইনালে উঠলে সাকিব আবারও ফিরে যেতে পারেন ভারতে। কাল টেলিফোনে জানালেন, ‘কলকাতা নাইট রাইডার্স সেমিফাইনালে উঠলে বোর্ডের কাছে আবারও যাওয়ার অনুমতি চাইব।’ চ্যাম্পিয়নস লিগে নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন তিনি, আবার অসন্তুষ্টও নন, ‘খুব ভালো হয়নি, খুব খারাপও হয়নি। আমার মনে হয় না খুব খারাপ খেলেছি।’ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতিতে দু-এক দিনের মধ্যেই যোগ দেওয়ার কথা সাকিবের। খেলতে চান ফতুল্লায় ৬ অক্টোবরের প্রস্তুতি ম্যাচটিও। সাকিব অবশ্য মিরপুরে আজ সন্ধ্যার ম্যাচটি খেলার সম্ভাবনাও উড়িয়ে দেননি, ‘এখন খুব ক্লান্ত। কাল (আজ) সকালে উঠে দেখি যদি এই ম্যাচটাও খেলা যায়...।’ ঢাকায় ফেরার কথা ছিল আগামীকাল। আজকের প্রস্তুতি ম্যাচের জন্য আগেই ঘোষিত বাংলাদেশ লাল বা সবুজ কোনো দলেই তাই নেই তিনি।