ঢাকায় স্মৃতিকাতর সাকলায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলে তখনো ঢোকেননি। ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো করছিলেন। তারই পুরস্কার হিসেবে পাকিস্তান ‘এ’ দলের হয়ে বাংলাদেশে এসেছেন সার্ক ক্রিকেটে খেলতে। বুকের মধ্যে দুরু দুরু কাঁপুনি। দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। কী জানি কী হয়!১৯৯৪ সার্ক ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষেই সুযোগ পেলেন প্রথম ম্যাচ খেলার। ২২ রানে ১ উইকেট ও ২৫ বলে ১০ রান। মনে রাখার মতো পারফরম্যান্স নয়, তবে জীবনের প্রথম ‘আন্তর্জাতিক ম্যাচের’ স্মৃতি ভোলেন কী করে সাকলায়েন মুশতাক?সেই ম্যাচ খেলেছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। কাল সকালে ঢাকায় পৌঁছে সোজা চলে এলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এবার অন্য পরিচয়ে, পাকিস্তানের সাবেক অফ স্পিনার এখন বিসিবির স্পিন পরামর্শক। চার মাসের চুক্তিতে কাল প্রথম দিনে জাতীয় দলের কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব সেরেছেন। অনুশীলন শেষে খেলোয়াড়দের সঙ্গে বেশ খানিকটা সময় কাটিয়েছেন ড্রেসিংরুমে।সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একটু নস্টালজিক দেখাল সাকলায়েনকে, ‘ঢাকা (বঙ্গবন্ধু) স্টেডিয়ামে আমি আমার প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। প্রথম শ্রেণীর মৌসুম শেষে পাকিস্তান “এ” দলে ডাক পেয়েছিলাম। অনেক স্মৃতির ভিড়েও ওই স্মৃতিটা কখনো ভুলব না।’গত ১৮ বছরে বাংলাদেশের ক্রিকেট অনেক বদলেছে। ক্রিকেটের প্রতি মানুষের টানও বেড়েছে। বাংলাদেশের ক্রিকেট আর ক্রিকেটারদের সম্পর্কে সাকলায়েনের ধারণা, ‘এই দলটা অনেক ফিট। ছেলেরা অনেক পরিশ্রম করে, শীর্ষ পর্যায়ে যেতে চায়। ক্রিকেটের প্রতি অনেক ভালোবাসা তাদের।’বাঁহাতি স্পিনারদের উর্বরভূমি বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে এ দেশের বাঁহাতি স্পিনারদের পারফরম্যান্সও বেশ ভালো। একজন স্পিন বিশেষজ্ঞের হাতে ঘষামাজা হলে পারফরম্যান্সের দ্যুতি আরও বাড়ারই কথা। সাকলায়েনও আশাবাদী, ‘আমি আমার সব অভিজ্ঞতা তাদের পেছনে ঢেলে দিতে চাই। সে জন্যই আমি এখানে। আমি এসেছি এই খেলোয়াড়দের সাহায্য করতে।’ নিজে অফ স্পিনার হওয়ার পরও বাঁহাতি স্পিনারদের সাহায্য করতে সমস্যা হবে না বলে মনে করছেন সাকলায়েন, ‘মুশি (মুশতাক আহমেদ) তো লেগি, অথচ ইংল্যান্ড দলে একজনও লেগ স্পিনার নেই। আসলে বল হাতে স্পিনারদের মানসিকতা একই থাকে। একজন ব্যাটসম্যানকে কীভাবে বল করতে হবে, চিন্তা থাকে সেটাই।’আপাতত নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ পর্যন্ত চুক্তি সাকলায়েনের। বিসিবি চাইলে চ্যালেঞ্জটা আরও বেশি সময়ের জন্যও নিতে রাজি তিনি। তার আগে চার মাসের এই সময়টাকেই কাজে লাগাতে চান ২০৮ টেস্ট ও ২৮৮ ওয়ানডে উইকেটের মালিক, ‘কোচদের সঙ্গে বসে পরিকল্পনা করব, কী করা যায়। খেলোয়াড়েরা যেন আমার উপস্থিতির সর্বোচ্চ সুবিধা পায়, সেটা দেখতে হবে।’বাংলাদেশের খেলোয়াড়দের সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়েই এসেছেন। টিভিতে খেলা দেখেছেন, বিশেষ করে, গত জানুয়ারি-ফেব্রুয়ারির বিপিএলে চোখ ভালোভাবেই ছিল সাকলায়েনের, ‘বিপিএল দেখেছি, বাংলাদেশের অনেক খেলোয়াড়ই খেলেছে। তাদের মধ্যে সাকিবই মূল খেলোয়াড়, বুঝতে পারছি। এ ছাড়া আগে যখন এখানে খেলতে এসেছি, দেখতাম ছেলেরা মাঠে অনুশীলন করছে। ক্রিকেট এখানে ধর্মের মতো। এমনকি গত ১০ বছর ইংল্যান্ডে থাকার সময়ও দেখেছি ওখানকার বাংলাদেশিরা ক্রিকেটকে কতটা ভালোবাসে। তাদের নিজস্ব লিগও আছে।’স্পিন কোচ হিসেবে এর আগে নিউজিল্যান্ড দলের সঙ্গে কাজ করেছেন সাকলায়েন। কাজ করার অভিজ্ঞতা আছে অস্ট্রেলিয়ান একাডেমি, ইংল্যান্ড লায়ন্স আর ইংলিশ কাউন্টির অনেক দলের সঙ্গেও। খেলা ছাড়ার পর কোচিং থেকেই জীবনের সব আনন্দ খুঁজে নিচ্ছেন সাকলায়েন, ‘ছেলেরা ভালো করলে একধরনের তৃপ্তি আসে মনে। একসময় উইকেট নিয়ে তৃপ্তি পেতাম। কোচ হিসেবে এখন আমার কাজটা ভিন্ন। তবে তৃপ্তি পাওয়ার ব্যাপারটা আগের মতোই আছে।’দেখাই যাক, বাংলাদেশের স্পিনাররা কতটা তৃপ্ত করতে পারেন সাকলায়েন মুশতাককে।