ঢুস মারলেন অঁরি!
আন্তর্জাতিক বা ইউরোপীয় ফুটবল ক্যারিয়ারে মাথা গরম করেছেন খুব কমই। ‘ভদ্রলোক’ হিসেবেই তাঁর সুনাম। কিন্তু ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে যেন মেজাজ হারিয়ে ফেলছেন। গত বুধবার মেজর লিগ সকারে এক খেলোয়াড়কে মাথায় ঢুস মেরেছেন থিয়েরি অঁরি। ফল, এক ম্যাচের জন্য থাকতে হবে মাঠের বাইরে। ছয় বছর আগে তাঁর ফ্রান্স সতীর্থ জিনেদিন জিদান বিশ্বকাপ ফাইনালে একই কাজ করে ফেলে দিয়েছিলেন হুলুস্থুল। এত দিন পর সাবেক অধিনায়কের পথে হাঁটলেন অঁরি। জিদানের শিকার ছিলেন মাতেরাজ্জি, এদিন অঁরির ঢুস খেলেন কানসাস সিটি ফরোয়ার্ড কেই কামারা। নিউইয়র্ক রেড বুলের হয়ে খেলেন অঁরি। ম্যাচের অন্তিম মুহূর্তে হঠাৎই কামারার দিকে দৌড়ে যান অঁরি, মাথা দিয়ে সজোরে দেন গুঁতো। দুজনেই পপাত ধরণিতল! তাৎক্ষণিক শাস্তি হিসেবে পান লাল কার্ড। এখন এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি গুনতে হবে জরিমানাও। অঙ্কটা অবশ্য এখনো জানা যায়নি। নিজেদের মাঠে ২-০ তে হারতে চলেছিল অঁরির দল? এই হতাশা থেকেই বিবেচনাবোধ হারিয়ে ফেলেছিলেন? এএফপি।