
বিশ্বকাপের ড্র নিয়ে সাধারণ ফুটবলপ্রেমীদের আগ্রহ তো থাকবেই। বিশ্বজুড়ে লাখ লাখ চোখ সেঁটে ছিল টিভি পর্দায়। ড্র অনুষ্ঠানে সশরীরেই ছিলেন বিশ্বকাপের প্রায় সব বড় দলের কোচ। খেলোয়াড়েরাও নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন গ্রুপসঙ্গীদের নাম জানতে। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ব্যতিক্রম। ব্রাজিলে ড্র অনুষ্ঠানের সময় তিনি ঘুমাচ্ছিলেন!
গত পরশু রিয়াল মাদ্রিদের যেসব খেলোয়াড় বিশ্বকাপে আছেন, ড্র নিয়ে তাঁদের প্রতিক্রিয়া জানাতে সংবাদমাধ্যমের সামনে হাজির করা হয়েছিল তাঁদের। সেখানেই রোনালদো জানালেন, ‘ড্র দেখা হয়নি। তখন আমি ঘুমাচ্ছিলাম।’ সঙ্গে পর্তুগালের গ্রুপ নিয়ে বলেছেন, এটি হয়েছে ‘খুব কঠিন।’
ভুল কিছু বলেননি। তিন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে, ইতালি, ইংল্যান্ডের সঙ্গে কোস্টারিকাকে নিয়ে ‘ডি’ গ্রুপটাকে ‘মৃত্যুকূপ’ বলা হচ্ছে। তবে ফিফা র্যাঙ্কিং বিবেচনায় রোনালদোদের ‘জি’ গ্রুপটাকেও অনায়াসেই তা বলা যায়। যেখানে বাকি তিন দল জার্মানি, ঘানা ও যুক্তরাষ্ট্র। রোনালদোও তাই বললেন, ‘এটা খুবই কঠিন গ্রুপ। জার্মানি সব সময়ই শিরোপার দাবিদার। ঘানা ও যুক্তরাষ্ট্রও ভালো দল। প্রথম প্রত্যাশা থাকবে গ্রুপপর্ব পেরোনো। তার পর দেখা যাবে।’
তার পর কী দেখতে চাইছেন, জানিয়ে দিয়েছেন সেটাও। চোখে তাঁর বিশ্বকাপ জয়ের স্বপ্ন। সংবাদ সম্মেলনে তাঁর পাশেই বসেছিলেন ক্লাব সতীর্থ ইকার ক্যাসিয়াস।’ তাঁর প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, ‘এর অনুভূতি কেমন, ইকারের তা আমাকে বলার দরকার নেই। চ্যাম্পিয়নস লিগ ট্রফি উঁচিয়ে ধরার অনুভূতিটা আমি জানি। বিশ্বকাপ জেতার অনুভূতি যে আরও ভালো হবে, কল্পনা করতে পারছি। এটা কখনো ভোলার নয়। আর সবার মতো আমারও দেশের পক্ষে বড় কিছু জেতার স্বপ্ন আছে।’
তবে আপাতত বিশ্বকাপ নয়, ক্লাবই তাঁর চিন্তাজুড়ে, ‘আমরা ভালো ফর্মে আছি এবং আমি আত্মবিশ্বাসী। আশা করি, রিয়াল মাদ্রিদ এই মৌসুমে গুরুত্বপূর্ণ কিছু জিতবে। বিশ্বকাপের এখনো কয়েকটা মাস বাকি। এর মধ্যে অনেক কিছুই ঘটতে পারে।’
ড্র নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ক্যাসিয়াসও। কোচ ভিসেন্তে দেল বস্কের সঙ্গে সুর মিলিয়ে নিজেদের ‘বি’ গ্রুপটাকে শুধু কঠিনই বললেন না, প্রশ্ন তুললেন ড্রয়ের পদ্ধতি নিয়েও, ‘শুরুটাই হচ্ছে রানার্সআপের (হল্যান্ড) সঙ্গে, যারা বাছাইপর্বে ছিল দুর্দান্ত। এর পরই চিলি, যাদের হারাতে সব সময়ই বেগ পেতে হয়েছে আমাদের। ড্রয়ের ব্যাপারটা মাথায়ই ঢুকছে না। ড্রয়ের পদ্ধতিটা আমার পছন্দ নয়।’ আপত্তিটা কোথায়, সেটি অবশ্য বিস্তারিত বলেননি স্পেন অধিনায়ক। ওয়েবসাইট।