ম্যাচ পাতানোর বিস্ফোরক সব খবরে এমনিতেই জেরবার আইসিসি৷ নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তথ্য ফাঁস৷ আকসুর তদন্তের খুঁটিনাটি পর্যন্ত ফাঁস হয়ে যাচ্ছে সংবাদমাধ্যমে৷ লু ভিনসেন্ট ও ব্রেন্ডন ম্যাককালাম যে আকসুর কাছে সাক্ষ্য দিয়েছেন, সেটা তো ফঁাস হয়েছেই, সংবাদমাধ্যমে হুবহু প্রকাশিত হয়েছে সাক্ষ্যে বলা ভিনসেন্ট-ম্যাককালামদের প্রতিটি কথা৷ ফিক্সিং তদন্তের পাশাপাশি তাই তথ্য ফাঁসের জরুরি তদন্ত শুরু করেছে আইসিসি৷ একই সঙ্গে নিশ্চিত করেছে ম্যাককালামের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না৷
এমনিতে তদন্তাধীন কোনো বিষয় নিয়ে আইসিসি সাধারণত মন্তব্য করে না৷ কিন্তু ম্যাককালাম-ভিনসেন্টের সাক্ষ্য ফাঁস হওয়া নিয়ে গত কয়েক দিনের আলোড়নের পরিপ্রেক্ষিতে মুখ খুলতে বাধ্য হয়েছে ডেভিড রিচার্ডসন৷ তদন্তের ঘোষণা দিয়ে ম্যাককালামের ভূমিকার প্রশংসা করেছেন আইসিসির প্রধান নির্বাহী, ‘এমন সুনির্দিষ্ট তথ্য কীভাবে মিডিয়ায় চলে যাচ্ছে, সেটা খুঁজে বের করতে আমরা সম্ভব সবকিছুই করছি৷ জরুরি ভিত্তিতে তদন্ত করা হবে এটার৷ একই সঙ্গে কিছু ভুল ধারণাও আমরা শুধরে দিতে চাই৷ ব্রেন্ডন ম্যাককালাম আমাদের সন্দেহের তালিকায় নেই৷ ব্রেন্ডনের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে না, বরং ও সাক্ষ্য দিয়েছে৷ একজন পেশাদার ক্রিকেটার হিসেবে যেমনটা করা উচিত, সে সেভাবেই আকসুকে সহায়তা করেছে৷ এই ভূমিকার জন্য সে প্রশংসা পেতে পারে৷ তার সাক্ষ্য ফাঁস হওয়ায় আমরা দুঃখিত, হতাশ৷ কীভাবে ফঁাস হচ্ছে বের করতে সব চেষ্টাই করা হবে৷’
আইসিসি বা আকসু-সংশ্লিষ্ট কারও সাহায্য ছাড়া এমন সুনির্দিষ্ট তথ্য ফাঁস করা কঠিন৷ তবে রিচার্ডসন এখনই নিজেদের কাউকে দায় দিতে চান না, ‘কীভাবে ফাঁস হলো বা আইসিসি কিংবা আকসুর কেউ জড়িত কি না, এখনই সেসব মন্তব্য করার সময় আসেনি৷ তবে এটা নিশ্চিত করে বলতে পারি, এমন কাউকে খুঁজে পেলে সঙ্গে সঙ্গে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে৷’
নিউজিল্যান্ডের এই ফিক্সিং-ঝড়ের বাতাস তাসমান সাগর পেরিয়ে লেগেছে অস্ট্রেলিয়াতেও৷ একটি অনুষ্ঠানে গিয়ে ফিক্সিং ও খেলাটার ভাবমূর্তি নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে মাইকেল ক্লার্ক ও রায়ান হ্যারিসকে৷ ফিক্সিংয়ের নানা ঘটনা শুনে স্তব্ধ হ্যারিস একই সঙ্গে ভীষণ ক্ষুব্ধও, ‘মাঠে নেমে আমি নিজেকে উজাড় করে দিই, আমার সতীর্থরা দেয়৷ খেলাটায় দুর্নীতি নিয়ে কথা বলতে হচ্ছে, এটাই আমাকে ভীষণ পীড়া দিচ্ছে৷ যেকোনো খেলাতেই দুর্নীতির অভিযোগ খেলাটার গ্রহণযোগ্যতা নষ্ট করে৷ আমরা অস্ট্রেলিয়ানরা এটাকে খুব ব্যক্তিগতভাবে নিই, কারণ প্রতিবার মাঠে নেমে জয় ছাড়া অন্য কিছু ভাবি না৷’
সতীর্থদের স্বচ্ছতা নিয়ে সংশয় নেই অস্ট্রেলিয়ান অধিনায়ক ক্লার্কেরও, ‘আমি যাদের সঙ্গে খেলেছি এবং খেলছি, তাদের নিয়ে আমি নিঃশংসয়৷ অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে এসবের কোনো জায়গা নেই৷ আমরা খুব ভালো করেই জানি খেলাটার শুদ্ধতা ধরে রাখা আমাদের দায়িত্বেরই অংশ৷ অস্ট্রেলিয়ায় এসব খুব ভালোভাবে শেখানো হয় যে কোনটা ঠিক, কোনটা ভুল৷ কোনটা গ্রহণযোগ্য, কোনটা নয়৷’ ওয়েবসাইট৷