আমের খান বোমা ফাটিয়েছিলেন। কিন্তু সেই বোমার আঘাত এখন পর্যন্ত কারও গায়ে লাগল না!অথচ অভিযোগটা গুরুতর। সম্প্রতি ব্রাদার্সের ম্যানেজার আমের খান একটি টিভি সাক্ষাৎকারে বলেছেন, গত পেশাদার ফুটবল লিগে রাজনৈতিক চাপে তাঁর দল ব্রাদার্স ম্যাচ ছেড়েছে চ্যাম্পিয়ন আবাহনীকে। যদিও পরে এই বক্তব্য ‘খণ্ডিত ও বিকৃত’ দাবি করেছেন সাবেক এই খেলোয়াড়। তা যতই করুন, টিভির ক্যামেরার সামনে দেওয়া বক্তব্য বিকৃত হয় কীভাবে, সেটা বোধগম্য নয়।আমেরের বক্তব্য ছিল, ওই সাক্ষাৎকারে দীর্ঘ সময় নিয়ে টিভি প্রতিবেদকের সঙ্গে কথা বলেছেন তিনি। বক্তব্যের পূর্বাপর না প্রচার করে শুধু একটা অংশ প্রচার করা অনৈতিক। বাফুফের পেশাদার লিগ কমিটির সামনে হাজির হয়ে এই বক্তব্যই দিয়েছিলেন ব্রাদার্স কর্মকর্তা। লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী তাই টিভি চ্যানেলের কাছে আমেরের পুরো বক্তব্যই চান। ওই টিভির পক্ষ থেকে সেটা দেওয়াও হয়েছে কয়েক দিন আগে।এর পর কী? বাফুফে কী করছে এই বিষয়ে? জানতে চাইলে সালাম মুর্শেদী কাল বললেন, ‘ভিডিওটা আমরা দেখেছি। কিন্তু এটা পুরো আনকাট ভিডিও নয়। এটা সর্বোচ্চ আট-নয় মিনিটের, যেখানে আমেরের একই কথা তিন-চারবার আছে। তার কথাবার্তার ধারাবাহিকতা নেই এবং সাংঘর্ষিক। তা দেখে কোনো সিদ্ধান্তেও আসা যাবে না। সোমবার আমরা এটা নিয়ে আবার বসব। প্রয়োজনে আমেরকে ডাকব। বাবার মৃত্যুর কারণে সে এত দিন পারিবারিক কাজে ব্যস্ত ছিল। তবে এটুকু বলতে পারি, ওই চ্যানেলের কাছে পুরো বক্তব্যের আনকাট ভিডিও আবারও চাইব আমরা।’টিভি চ্যানেলটি অবশ্য কাল প্রথম আলোকে জানিয়েছে, আমের খান আবাহনীকে ম্যাচ ছাড়া নিয়ে যা বলেছেন, তাদের দেওয়া ভিডিওচিত্রে তার সপক্ষে প্রমাণ আছে। এরই মধ্যে মাস দেড়েক হতে চলল। ফুটবল-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আমের যেহেতু পরিষ্কার আবাহনীকে ম্যাচ ছাড়ার কথা বলেছেন, তাই তাঁকে প্রমাণ করতে হবে কোন রাজনৈতিক চাপের কাছে নতিস্বীকার করে ব্রাদার্স? প্রমাণ না করতে পারলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে।ওদিকে এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে আবাহনী। আবাহনীর পরিচালক কাজী নাবিল আহমেদ চ্যালেঞ্জ জানিয়ে তখনই বলেছিলেন, ‘আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে প্রমাণ করুক। যদি কেউ প্রমাণ করতে পারে, তাহলে আমরা যেকোনো শাস্তিই মেনে নেব।’ আবাহনী এমনও হুমকি দিয়েছে, অভিযোগ প্রমাণ করতে না পারলে তারা আইনগত ব্যবস্থা নেবে।গোটা বিষয়টা তদন্ত করার দায়িত্ব বাফুফের। কিন্তু বাফুফে কতটা সক্রিয়? প্রশ্ন উঠছেই। গত মৌসুমে ব্রাদার্স-রহমতগঞ্জ ম্যাচ নিয়ে ওঠা অভিযোগের নিষ্পত্তি হয়েছে তিন মাস পর। তাও সেটি ছিল প্রশ্নবিদ্ধ। ওই মৌসুমেই ব্রাদার্স-শেখ জামাল ম্যাচ নিয়ে ওঠা অভিযোগের সুরাহা আজও হয়নি। এসব নিয়ে তেমন হেলদোল দেখাচ্ছে না ফেডারেশন।