তদন্তের মুখে আফ্রিদিরা
এশিয়া কাপে ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া হয়েছিল। দলের ভরাডুবি নিয়ে হয়েছিল তদন্তও। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে দেশে ফিরে গেলেও তদন্ত কমিটির জেরার মুখে পড়তে হবে আফ্রিদি-মালিকদের। নিউজিল্যান্ডের কাছে হারের পর দলে বিভক্তির গুঞ্জন ওঠে। এই বিভক্তির কারণেই নাকি সেই ম্যাচে শেহজাদ আহমেদ, উমর আকমল এবং শোয়েব মালিক আস্কিং রানরেটের তোয়াক্কা না করেই রান তোলার গতিকে স্তিমিত করে দিয়েছিলেন! ব্যাপারটি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ হইচই পড়ে। এই পরিপ্রেক্ষিতেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি কমিটি খতিয়ে দেখতে চায় আসলেই দলের মধ্যে কোনো বিভক্তি ছিল কি না। পিসিবির এক সূত্র জানিয়েছে, ভারত থেকে দেশে ফিরে গেলেই কমিটি, কোচ ওয়াকার ইউনিস, অধিনায়ক শহীদ আফ্রিদি, ম্যানেজার ইন্তিখাব আলম এবং দলের নিরাপত্তা ম্যানেজার, সহকারী কোচের সঙ্গে কথা বলবে। রয়টার্স।