তদন্তের মুখোমুখি হাম্মাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতারের বিশ্বকাপ আয়োজন নিয়ে দুর্নীতির অভিযোগটা বেশ পুরোনোই হয়ে গেছে। এবার অভিযুক্ত হলেন কাতারেরই নাগরিক, ফিফা সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ বিন হাম্মাম। দুর্নীতির অভিযোগে হাম্মামসহ চার কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করছে ফিফা। অবশ্য অভিযোগ কাতারের বিশ্বকাপ-সংশ্লিষ্ট কিছু নয়, হাম্মামের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ফিফা সভাপতি নির্বাচনে ভোটারদের অনৈতিকভাবে প্রভাবিত করার। ফিফার নির্বাহী কমিটির সদস্য চাক ব্লেজার এনেছেন এই অভিযোগ। তাঁর দাবি, হাম্মাম আগামী ফিফা কংগ্রেসকে সামনে রেখে ১০-১১ মে ‘বিশেষ বৈঠকে’র ব্যবস্থা করেছিলেন, ঘুষ দিয়ে ভোটার কেনার চেষ্টাও করেছেন।অভিযুক্ত বাকি তিন কর্মকর্তা হলেন ফিফার সহসভাপতি জ্যাক ওয়ার্নার, ক্যারিবীয় ফুটবল ইউনিয়নের কর্মকর্তা ডেবি মিঙ্গুয়েল ও জেসন সিলভেস্টার। হাম্মামসহ অভিযুক্ত চারজনকে ফিফার নৈতিক কমিটির শুনানিতে ডাকা হয়েছে। শুনানি হবে ২৯ মে। এর মাত্র দুদিন পর ফিফার সভাপতি নির্বাচন।ফিফার নৈতিক কমিটি অবশ্য দাবি করছে, তদন্তে স্বচ্ছতা রাখা হবে। নৈতিক কমিটির প্রধান হিসেবে এই শুনানি পরিচালনা করার কথা ছিল ক্লদিও সালসারের। কিন্তু ব্ল্যাটারেরই দেশ সুইজারল্যান্ডের নাগরিক বলে এই শুনানি তিনি পরিচালনা করবেন না। তাঁর বদলে দায়িত্ব পাচ্ছেন নৈতিক কমিটির উপপ্রধান, নামিবিয়ার পেত্রুস দামাসেব। সভাপতি পদপ্রার্থী বিন হাম্মাম নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, এ সবই ১ জুনের নির্বাচনে তাঁর বিরুদ্ধ পক্ষের সাজানো নাটক, ‘পৃথিবীতে সামান্যতম ন্যায়বিচারও যদি থাকে, এই অভিযোগ হাওয়ায় মিলিয়ে যাবে।’ এএফপি, রয়টার্স।