প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকারের হাতে ছোট ছোট দুটি ‘মিনিয়েচার’ তবলা। তাঁর পাশে ঝাঁকড়া চুলের হাস্যোজ্জ্বল একজন লোক, হাতে ছোট্ট একটি ব্যাট—ওস্তাদ জাকির হুসেইন! দুজনকে একই মঞ্চে দেখার আমন্ত্রণটা টেন্ডুলকারই কয়েক দিন আগে তাঁর ফেসবুক পেজে জানিয়ে রেখেছিলেন। দুজনের দেখা হয়েও গেল গত সোমবার, মুম্বাইয়ে। জাকির হুসেইনের সঙ্গে তবলার তালে তাল মেলালেন ভারতের ক্রিকেট কিংবদন্তি। যেটির নামই দেওয়া হয়েছে যুগলবন্দী—ব্যাটিং মায়েস্ত্রোর সঙ্গে তবলার মাস্টারের। মঞ্চে দুজন উঠতেই দর্শক তো উত্তেজিত। তা জাকির হুসেইনের সঙ্গে তবলায় তাল মেলানোতেও একেবারে খারাপ করেননি টেন্ডুলকার। দর্শকেরাও মুহুর্মুহু করতালিতে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানকে স্বাগত জানান। যা নিয়ে টেন্ডুলকারের টুইট, ‘সারা জীবন হৃদয়ে ধরে রাখার মতো অভিজ্ঞতা!’ ইন্ডিয়ান এক্সপ্রেস।