তবু অটল ওয়েঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্সেন ওয়েঙ্গার
আর্সেন ওয়েঙ্গার

এই অনুভূতির কোনো তুলনা হয় না। এ হচ্ছে অমরত্ব।
২০০৩-০৪ মৌসুমে আর্সেনালকে প্রিমিয়ার লিগ জিতিয়ে বলেছিলেন কোচ আর্সেন ওয়েঙ্গার। কথাটা একেবারে মিথ্যা ছিল না। অপরাজিত থেকে প্রিমিয়ার লিগ জয়ের কীর্তি গড়তে পেরেছে আর কোন দল! প্রেস্টন নর্থ এন্ড ১৮৮৯ সালে অপরাজিত লিগ চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু তখন লিগের নাম কিংবা ফরম্যাট কিছুই এই প্রিমিয়ার লিগের মতো ছিল না। প্রথম বিভাগে একটা দল খেলত মাত্র ২২টি ম্যাচ। ৩৮ ম্যাচের লিগে এমন অসাধারণ অর্জন? হয়নি, হয়তো হবেও না। সেই বছর লিগের পর পরের বছর এফএ কাপ। তারপর যেন শিরোপা জয় আর্সেনালের কাছে ভুলে যাওয়া স্মৃতি। বিস্ময়কর হলেও সত্যি, গত আট বছরে একটাও বড় শিরোপা জিততে পারেনি আর্সেনাল!
ফুটবল বিশ্লেষকেরা হয়তো নানা কারণ খুঁজে বের করবেন। কিন্তু ঘুরেফিরে শেষ পর্যন্ত দায়টা সেই ওয়েঙ্গারেরই। নতুন স্টেডিয়াম বানানোর খরচের ধাক্কা, মালিকপক্ষ থেকে খরচের হাত বেঁধে দেওয়ার অজুহাত ছিল এত দিন। কিন্তু গত মৌসুমের শেষে তো প্রধান নির্বাহী ইভান গাজিডিস সমর্থকদের আশ্বস্ত করেছিলেন, এবার আর ওই ধরনের কোনো সমস্যা নেই। দলবদলের বাজারে অন্য বড় দলগুলোর সঙ্গে টেক্কা দিতেই নামবে আর্সেনাল। লাভ হয়নি। এবারও দলবদলের মৌসুমে প্রায় ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন আর্সেন ওয়েঙ্গার। আর্সেনাল মৌসুম শুরু করেছে অ্যাস্টন ভিলার সঙ্গে ৩-১ গোলে হেরে। প্রথম ম্যাচেই সমর্থকদের দুয়ো শুনেছেন ওয়েঙ্গার, ‘খরচ করো’ ‘খরচ করো’ প্ল্যাকার্ড নিয়ে মাঠে হাজির হয়েছে অনেকে। এমনকি এমন দাবিও উঠেছে, এই মৌসুম শেষে যেন তাঁর সঙ্গে আর চুক্তি নবায়ন করা না হয়।
মজার ব্যাপার হচ্ছে, এত কিছুর পরও দলবদলের বাজারে নিজের নীতি থেকে টলছেন না ওয়েঙ্গার, ‘আমি মনে করিয়ে দিতে চাই, ১৬ বছর ধরে আমরা দলবদলের বাজারে খুব সফল। এটা ভুলে গেলে হবে না, আমাদের দলে যারা খেলছে তারা সবাই খুবই মানসম্পন্ন খেলোয়াড়।’ গঞ্জালো হিগুয়েইনের দিকে হাত বাড়িয়েছিলেন, টেক্কা দিয়ে নিয়ে গেছে নাপোলি। লুইস সুয়ারেজ আর ওয়েইন রুনিকে নিয়ে গুঞ্জন রয়ে গেছে গুঞ্জন হয়েই। আর্সেনাল কোচের কথা শুনে অবশ্য মনে হচ্ছে না এ নিয়ে কোনো আফসোস আছে তাঁর মধ্যে, ‘নিজেদের চেয়ে অন্যদের সব সময় ভালো ভাবার কোনো কারণ নেই। আমাদের যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকাই গুরুত্বপূর্ণ এবং সমর্থকদেরও এটা বুঝতে হবে।’ তাহলে কি দলবদলে আর টাকা ঢালতে আগ্রহী নয় আর্সেনাল? গত রাতে তুর্কি ক্লাব ফেনারবাচের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে বাছাইপর্বের ম্যাচের আগে আরও একবার এ প্রশ্ন করা হয়েছিল ওয়েঙ্গারকে। আর্সেনালের ফরাসি কোচের জবাবটা শুনুন, ‘আমি অনেকবার বলেছি দলবদলের সময় মৌসুম শুরুর আগেই শেষ হয়ে যাওয়া উচিত। মৌসুম শুরুর পরও দলবদল নিয়ে কথা বলা অস্বস্তিকর, কারণ এটা ফুটবলে গুরুত্বপূর্ণ কিছু নয়।’
এই ব্যক্তিকে ফুটবলার কেনা নিয়ে কিছু জিজ্ঞেস করে কী লাভ? ওয়েবসাইট।