ক্ষয়িষ্ণু শক্তির দল নিয়েও বিজেএমসির সঙ্গে ড্র। তবে মোহামেডানের কোচ এমেকা কোনোভাবেই খুশি নন। তাঁর গলায় অতৃপ্তি, ‘অবশ্যই জেতা উচিত ছিল আমাদের। কিন্তু এমন একজন খেলোয়াড় পেলাম না যে নায়ক হতে পারে। অথচ এদিন একজন নায়কের দরকার ছিল আমার।’জিতেও যেতে পারত নড়বড়ে সাদা-কালোরা। কিন্তু দলটার আক্রমণভাগের স্থানীয় খেলোয়াড়েরা এমনই অনভিজ্ঞ, অ্যাটাকিং থার্ডে গিয়ে সব গুলিয়ে ফেলেছেন। পোস্টে বল রাখা যায়নি। বেশির ভাগ সময়ই নিজেরাই নষ্ট করে ফেলেছেন আক্রমণ।তার পরও পিছিয়ে পড়েও ড্র করতে পারা মোহামেডানের জন্য কম নয়। প্রধান দুই গোলরক্ষক আহত। পোস্টের নিচে এদিন মোহামেডান বাংলাদেশ লিগ অভিষেক ঘটিয়ে দিল এর আগে তৃতীয় বিভাগে খেলা আনকোরা আরিফুজ্জামান হিমেলকে। ভালোই করেছেন এই তরুণ। ওদিকে দুই অভিজ্ঞ ডিফেন্ডার রজনী ও মিডফিল্ডার মতিউর মুন্না চোটের কারণে দলের বাইরে। বিদেশিরা গড়পড়তা মানের। মোহামেডান সমর্থকেরা তাই মাঠেই আসে ‘জিতলে ভালো নইলে এক পয়েন্ট’ মন্ত্র জপে।কাল প্রথমার্ধ পর্যন্ত গোলহীন। মোহামেডানও স্বস্তিতে। কিন্তু ৫৩ মিনিটে হতাশা ঘিরে ধরে। মোখলেসের ফ্রি-কিকে দারুণ হেডে বাঙ্গুরা এগিয়ে নেন বিজেএমসিকে। এরপর ৬৬ মিনিটে হাসি ফিরল মোহামেডানে। প্রতিপক্ষ রক্ষণের ভুলে উইলকক্সের আলতো টোকায় ১-১। শেষ পর্যন্ত আর গোল হয়নি। এক ম্যাচ পর মোহামেডান আবার ফিরে এল ড্রয়ে।ফেডারেশন কাপে দুই দল গোলশূন্য ড্র করেছিল। শক্তির বিচারে বলতেই হয়, বিজেএমসির সঙ্গে ড্র করাটা মোহামেডানের জন্য জয়েরই সমান! পয়েন্ট তালিকায় চ্যাম্পিয়ন শেখ জামালের পয়েন্ট সাত ম্যাচে মাত্র সাত। ছয় ম্যাচে এক জয়, দুই হার ও তিন ড্রয়ে মোহামেডানের ছয় পয়েন্ট। মন্দ কী! ছয় ম্যাচে বিজেএমসির পয়েন্ট ৯।বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের পর যথারীতি হইচই। মোহামেডানের এক কর্মকর্তা মাঠে গিয়ে রেফারিকে কী যেন জিজ্ঞাসা করলেন। এটা দেখে বিজেএমসির ম্যানেজার আরিফ খান (জয়) বেজায় নাখোশ, ‘মোহামেডান কর্মকর্তা মাঠে ঢুকলেন কী করে?’রেফারিং নিয়ে অভিযোগ তুলে আরিফ খান প্রশ্ন তুললেন, ‘এটা পেশাদার লিগ? ম্যাচের পর দেদার লোক মাঠে ঢোকে। ফেডারেশনের জুনিয়র একটা ছেলে আসে মাঠে। এ ছাড়া মাঠে কী হচ্ছে, ফেডারেশন কর্মকর্তারা কিছুই দেখে না। জানে না!’মোহামেডানের অভিযোগ, পুলিশ বিনা কারণে গ্যালারিতে ঢুকে তাদের সমর্থক পিটিয়েছে! সাংবাদিকদের পেয়ে ক্ষোভ উগরে দিল তারা। বাংলাদেশ লিগটার ওপর বাফুফের কোনো নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ আছে বলে মনে করার কারণ নেই। অনেকে ব্যঙ্গ করে বলেন, কর্তারা তো ব্যস্ত নির্বাচন আর ক্ষমতা নিয়ে।